অগ্নিকাণ্ডের ১০ দিন পর টুপটুপ রিসোর্টে মিলল স্কুল শিক্ষিকার দেহাবশেষ
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ১৭:৩১
অগ্নিকাণ্ডের ১০ দিন পর টুপটুপ রিসোর্টে মিলল স্কুল শিক্ষিকার দেহাবশেষ
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেকে ‘টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ১০ দিন পর আরও একজনের দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে এটি নিখোঁজ স্কুল শিক্ষিকা নাসরিন জাহান মুক্তার মরদেহ।


মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল তিনটার দিকে টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টের ধ্বংসস্তূপের দ্বিতীয় তলা থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ইউনিট মরদেহের কঙ্কাল উদ্ধার করে।


এর আগে সোমবার (২৬ অক্টোবর) নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়। তাদের মধ্যে ঢাকার দুটি পরিবারের নিহত সদস্যরা ছিলেন।


তবে নিখোঁজের তালিকায় থাকা স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার ডিএনএর সঙ্গে উদ্ধার হওয়া কোনো মরদেহের নমুনার মিল পাওয়া যায়নি। ফলে আগুনে উদ্ধার হওয়া ১০টি মরদেহের বাইরে মুক্তার পরিণতি কী, তা নিয়ে নানান প্রশ্ন সৃষ্টি হয়। কক্সবাজারের প্রশাসন মুক্তার মরদেহ উদ্ধারে ফের সমন্বিত অভিযান চালায় ভয়াবহ আগুনে ভস্মীভূত রিসোর্ট টুপটুপে।


উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আকতার জানান, নিহত ১১ জনের মধ্যে ডিএনএ পরীক্ষার মাধ্যমে ১০ জনের পরিচয় সোমবার প্রকাশ করা হয়। এখানে মুক্তার ডিএনএ খোঁজ মেলেনি। সংগত কারণে নিখোঁজ মুক্তার খোঁজে সমন্বিত অভিযান পরিচালনা করি। ধারণা করছি উদ্ধার হওয়া দেহাবশেষের কঙ্কাল নিখোঁজ স্কুল শিক্ষিকা নাসরিন জাহান মুক্তার। এখন এই দেহের ধ্বংসাবশেষ কঙ্কালের আবারও ডিএনএ টেস্ট হবে। পরবর্তীতে ফরেনসিক রিপোর্ট হাতে আসলে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


মুক্তার স্বামী সাবেক ছাত্রদল নেতা দেওয়ান ফয়সাল জানান, উদ্ধার হওয়া দেহের দেহাবশেষ আমি দেখেছি। গলার স্বর্ণের চেইন দেখে আমি নিশ্চিত হয়েছি- এটি আমার স্ত্রী মুক্তার মরদেহ।


উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, টুপটুপ রিসোর্টের পুরো ধ্বংসাবশেষ চুলচেরা বিশ্লেষণ করে আজ সকালে একটি সমন্বিত টিম নিখোঁজ মুক্তার মরদেহ উদ্ধারে অভিযান চালায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যরা দুতলার উপর থেকে কঙ্কালটি উদ্ধার করে।


তিনি বলেন, মামলায় এক আসামি গ্রেফতার হয়েছে। আমরা সাতদিনের রিমান্ড চাইলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করে। মামলার পলাতক ও অজ্ঞাত আসামিদের প্রত্যেককে গ্রেফতার পুলিশ, সিআইডি, এসআরবি কাজ করছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com