ছাত্রদল নেতা শাকিল হত্যা, সংসদ সদস্য আজিজের ছেলে আটক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪০
ছাত্রদল নেতা শাকিল হত্যা, সংসদ সদস্য আজিজের ছেলে আটক
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সংসদ সদস্য আজিজুর রহমান আজিজের ছেলে মিন্টুকে হেফাজতে নিয়েছে পুলিশ।


সোমবার (২৬ অক্টোবর) তাকে পুলিশি হেফাজতে নেয়া হয় বলে নিশ্চিত করেছে একটি সূত্র।


নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানিয়েছেন, এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


এদিকে, রাতে ছাত্রদল নেতা শকিল হত্যাকাণ্ডের খবর এলাকায় পৌঁছলে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করে স্থানীয় নেতাকর্মীরা ।


প্রসঙ্গত, সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাকিল ইসলাম। এর আগে গত ১৫ অক্টোবর রাতে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন তিনি।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন শাকিল। পথে বিলচলন শহিদ সামসুজ্জোহা সরকারি কলেজের পাশে পেছন থেকে আরেকটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে আহত করা হয় বলে জানা গেছে। পরে হামলাকারীরা পালিয়ে যায়।


এ সময় স্থানীয়রা শাকিলকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।


নিহত শাকিল ইসলাম গুরুদাসপুর উপজেলার খামার নাচকৈড় খোয়ারপাড়া এলাকার রবিউল করিমের ছেলে। তিনি গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব ছিলেন।


এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। মামলার তদন্তের অংশ হিসেবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, শাকিল হত্যা মামলায় মিন্টুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এ ঘটনায় তার সংশ্লিষ্টতা সম্পর্কে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com