
গাজীপুরের শ্রীপুরে আব্দুস সামাদ নামে এক ব্যক্তিকে মাথায় ও বুকে এলোপাতাড়ি আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে ছেলে আনোয়ার হোসেনের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার সাইটালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গভীর রাতে বাসায় ফিরেই নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন অভিযুক্ত আনোয়ার। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাবা আব্দুস সামাদ তাকে শান্ত করার চেষ্টা করেন এবং বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ছেলে আনোয়ার তার বাবার ওপর চড়াও হন। প্রথমে তার মাথায় এলোপাতাড়ি আঘাত করা হয় এবং মৃত্যু নিশ্চিত করতে বুকে উপর্যুপরি আঘাত করে নৃশংসভাবে হত্যা করা হয়। পরে আনোয়ার দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। সকালে ঘটনা জানাজানি হলে এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রস্তুত করে এবং আলামত সংগ্রহ করে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পাওয়ার পরপরই নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পলাতক অভিযুক্ত আনোয়ারকে গ্রেফতারে এরইমধ্যে পুলিশি অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]