প্রকাশ্যে বলিউড বাদশার নতুন লুক, দর্শক আগ্রহের তুঙ্গে ‘কিং’
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ১৭:৩৮
প্রকাশ্যে বলিউড বাদশার নতুন লুক, দর্শক আগ্রহের তুঙ্গে ‘কিং’
বিনোদন ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

করোনার পরবর্তী সময়ে ২০২৩ সালে একের পর এক ব্লকবাস্টার সিনেমা দিয়ে বলিউডের বক্স অফিসে নতুন প্রাণ ফিরিয়েছিলেন শাহরুখ খান। তিন বছর পর বড়দিনে তার নতুন সিনেমা ‘কিং’ মুক্তির ঘোষণা আসতেই সিনেমাটি ঘিরে দর্শকের আগ্রহ তুঙ্গে।


এবার প্রকাশ্যে এলো সিনেমাটিতে বলিউড বাদশার নতুন লুক, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রকাশিত ‘কিং’-এর নতুন পোস্টারে বন্দুক হাতে, ঠোঁটে গোলাপ নিয়ে হাজির হয়েছেন শাহরুখ।


বোতাম খোলা শার্ট, পেটানো শরীর আর রাফ অ্যান্ড টাফ অবতারে ৬০ বছর বয়সী অভিনেতাকে দেখে মুগ্ধ তার অনুরাগীরা।
বয়স যে তার কাছে নিছকই সংখ্যা, নতুন পোস্টারে যেন সেটিই আবারও প্রমাণ করলেন শাহরুখ।


তার এই ‘কিলার’ লুক প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে উন্মাদনা। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটি ঘিরে চলছে নানা আলোচনা ও প্রশংসা।


নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে সিনেমার নতুন লুক শেয়ার করে শাহরুখ ক্যাপশনে লেখেন, ‘আজ ফির ইয়াদ আয়া… কাতিল নেহি… আশিক হুঁ।’ বাংলায় যার অর্থ, ‘আজ আবার মনে পড়ে গেল… আমি খুনি নই, প্রেমিক।’


পর্দায় রোমান্টিক নায়ক হিসেবে শাহরুখের দীর্ঘদিনের পরিচিতি থাকলেও সাম্প্রতিক সময়ে অ্যাকশনধর্মী চরিত্রেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। ‘পাঠান’ ও ‘জাওয়ান’-এর মতো সিনেমায় তার অ্যাকশন অবতার দর্শকের প্রশংসা পেয়েছে। এবার ‘কিং’-এও তাকে ভিন্ন এক রূপে দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।


নতুন পোস্টার প্রকাশের পর অনুরাগীদের পাশাপাশি তারকাদের মধ্যেও দেখা গেছে উচ্ছ্বাস। এক ভক্ত মন্তব্য করেছেন, ‘আশিক ফিরে এসেছে রাজত্ব করতে।’ অন্যদিকে ‘ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’-এর মাধ্যমে পরিচিতি পাওয়া শালিনী পাসিও শাহরুখের নতুন লুকের প্রশংসা করে লিখেছেন, ‘ওয়াও! অসাধারণ! এবার শো টাইম!’


‘কিং’ ঘোষণার পর থেকেই সিনেমাটি ঘিরে দর্শকের আগ্রহ বাড়ছে। প্রায় ৪০০ কোটি রুপি বাজেটের এই অ্যাকশনধর্মী সিনেমা নিয়ে বলিউডে চলছে আলোচনা।


এর আগে সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করে অ্যাকশন অবতারে শাহরুখের ঝলক প্রকাশ করেছিল প্রযোজনা সংস্থা। সেখানে বলা হয়েছিল, ‘এমন এক গর্জন, যা পুরো রাজত্বকে কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।’ সেই ঘোষণায় জানানো হয়, ২০২৬ সালের ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে মুক্তি পাবে ‘কিং’।


নতুন পোস্টারে শাহরুখের ভিন্নধর্মী উপস্থিতি সিনেমাটি নিয়ে দর্শকের প্রত্যাশাকে আরও বাড়িয়ে দিয়েছে। এখন অপেক্ষা পর্দায় ‘কিং’-এর এই রূপ কতটা ঝড় তোলে, তা দেখার।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com