
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশে ধরা দিল হিমালয়ের অপরূপ সৌন্দর্যের প্রতীক মায়াবী কাঞ্চনজঙ্ঘা। নীল আকাশ আর সবুজ প্রকৃতির পটভূমিতে বরফে ঢাকা হিমালয়ের শুভ্র চূড়া মুগ্ধ করছে প্রকৃতিপ্রেমীদের। দূর দিগন্তে পাহাড়ের এমন মনোমুগ্ধকর দৃশ্য যেন প্রকৃতির আঁকা এক অপূর্ব ছবি।
শরতের শেষভাগে ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে উত্তরের জেলা পঞ্চগড়ে প্রকৃতি সাজছে নতুন রূপে। অনুকূল আবহাওয়ায় মেঘের আড়াল সরতেই দৃশ্যমান হয়ে উঠছে হিমালয় পর্বতমালার তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। ভোরের আলো কিংবা বিকেলের সোনালি রোদে বরফে ঢাকা পাহাড়ের চূড়ায় ফুটে ওঠে বিচিত্র রঙের আভা। কখনো শুভ্র, কখনো সোনালি—প্রতিটি মুহূর্তেই যেন বদলে যায় পাহাড়ের রূপ।
কাঞ্চনজঙ্ঘার এই সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছরই পঞ্চগড়ে ভিড় করেন পর্যটকেরা। বিশেষ করে জেলার তেঁতুলিয়া থেকে তুলনামূলক স্পষ্টভাবে দেখা মেলে এই পর্বতশৃঙ্গের। তবে আকাশ মেঘমুক্ত থাকা ও আবহাওয়া অনুকূলে থাকার ওপর নির্ভর করে কাঞ্চনজঙ্ঘার দৃশ্যমানতা।
দীর্ঘ অপেক্ষার পর মেঘের আড়াল থেকে কাঞ্চনজঙ্ঘার এমন উঁকি যেন প্রকৃতিপ্রেমীদের মনে নতুন করে আনন্দের বার্তা নিয়ে এসেছে। নীল আকাশ, সবুজ প্রকৃতি আর দূরের বরফঢাকা পাহাড়—সব মিলিয়ে অপরূপ সৌন্দর্যে মেতে উঠেছে উত্তরের জনপদ পঞ্চগড়।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]