গ্রেফতার এসপির মুঠোফোন থেকে পাঠানো বার্তা
ডিসেম্বরে বাংলাদেশকে উদ্ধার করতে হবে স্যার...
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১৩:১৩
ডিসেম্বরে বাংলাদেশকে উদ্ধার করতে হবে স্যার...
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমকে গ্রেফতার করা হয়েছে।


শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ২ টার দিকে চট্টগ্রামের অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের সদস্যরা।


আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় জাহাংগীর আলমের বিরুদ্ধে মামলাটি করেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর মামলাটি নথিভুক্ত করা হয়।


সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর মামলা দায়ের করা হয়। এরপরই পুলিশ ও এসআরইউর একটি দল তাঁকে অফিসার্স মেস থেকে গ্রেফতার করে।


এর আগে গত মঙ্গলবার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়ার পর জাহাংগীর আলমকে জিজ্ঞাসাবাদ করেন চট্টগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আব্দুল কুদ্দুস চৌধুরী। ওই দিন তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।


চট্টগ্রাম রেঞ্জ অফিস সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ ওঠার পর তাঁকে তলব করা হয়েছিল। এ ঘটনায় বিভাগীয় তদন্ত করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম।


মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশের এক কর্মকর্তা জানান, জাহাংগীর আলমের মুঠোফোন থেকে পাঠানো একটি বার্তায় লেখা ছিল, ‘ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো নামবে মাঠে। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমার বাবা এদেশে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি ছোট থাকাকালেও রাজপথে নেমেছিলাম স্যার। বাংলাদেশকে উদ্ধার করতে হবে স্যার...।’


এ ধরনের আরও কিছু কথোপকথনের তথ্য এজাহারে উল্লেখ রয়েছে বলে জানান ওই কর্মকর্তা। তবে বার্তাটি কাকে পাঠানো হয়েছিল, তা জানা যায়নি।


মামলাটি পুলিশের বিশেষ ইউনিট এসআরইউ অথবা কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করবে। জাহাংগীর আলম বিসিএস পুলিশ ২৮তম ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশে যোগ দেন।


এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়। ওই মামলায় গ্রেফতারের পর তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।


বিবার্তা/জাহেদ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com