
লালমনিরহাটের হাতীবান্ধায় দীর্ঘ ১১ বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক স্কুল শিক্ষিকা। বাড়ি থেকে পালিয়ে গেছেন প্রেমিক।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জহির মোড় এলাকায় ইউনুস আলী নামের এক সহাকরী জজের বাড়িতে অবস্থান নেন ওই শিক্ষিকা।
অনশনরত শিক্ষিকার নাম আনিকা তাবাসসুম প্রাপ্তি (২৯)। তিনি হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাকির হোসেন লস্করের মেয়ে। রংপুরের হারাগাছ উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন আনিকা তাবাসসুম প্রাপ্তি।
এলাকাবাসী জানিয়েছেন, ইউনুস আলী টংভাঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জহির মোড় এলাকার জয়নাল আবেদীনের চতুর্থ ছেলে। তিনি বগুড়া জজ কোর্টে সহকারী জজ (সিভিল জজ) হিসেবে কর্মরত। প্রেমিকা বাড়িতে আসার খবর পেয়েছেন তিনি পালিয়েছেন।
অনশনরত আনিকা তাবাসসুম প্রাপ্তি দাবি করেছেন, ইউনুস আলীর সঙ্গে তার দীর্ঘ ১১ বছরের প্রেমের সম্পর্ক। তিন বছর আগে ইউনুস আলী সহকারী জজ হিসেবে চাকরিতে যোগ দেন। অন্যদিকে, প্রায় এক বছর আগে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পান তিনি।
শিক্ষিকার অভিযোগ, দীর্ঘদিন ধরে বিয়ের জন্য তাগিদ দিলেও ইউনুস আলী নানা অজুহাতে সময়ক্ষেপণ করছেন। সম্প্রতি তিনি গোপনে অন্য জায়গায় বিয়ের জন্য পাত্রী দেখছেন, এমন খবর পেয়ে শুক্রবার দুপুরে বাধ্য হয়ে ইউনুস আলীর বাড়িতে অবস্থান নেন তিনি। কিন্তু, প্রেমিকা আসার খবর পেয়েই গা ঢাকা দেন ইউনুস আলী।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) মোশাররফ হোসেন জানিয়েছেন, এ বিষয়ে স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা চলছে। এ ব্যাপারে মেয়ের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে ইউনুস আলীর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।
বিবার্তা/হাসানুজ্জামান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]