সিলেটের ৫৭ পূজামণ্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০০:৩৭
সিলেটের ৫৭ পূজামণ্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে সিলেট সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ ১৩১ দশমিক ৫ কিলোমিটার সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি ও নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে।


সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার ৫৭টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে আট প্লাটুন বিজিবি সদস্য।


মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০ মিনিট থেকে রাত ৭টা ৩০ মিনিট পর্যন্ত জকিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সোহেল আলম, পিবিজিএম। এ সময় তিনি পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং স্থানীয় প্রতিনিধি ও পূজা কমিটির দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।


বিজিবি সূত্রে জানা গেছে, পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জকিগঞ্জ উপজেলায় একটি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। পাশাপাশি নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


১৯ বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে তাদের সদস্যরা দায়িত্ব পালন করছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখেও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


পূজাকালীন নিরাপত্তা আরও জোরদার করতে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) প্রস্তুতকৃত ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপ্লিকেশনেও দায়িত্ব পালন করছেন সংশ্লিষ্ট বিজিবি সদস্যরা। অ্যাপ্লিকেশনটির মাধ্যমে পূজাকালীন যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে দ্রুত অবহিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।


এদিকে, দুর্গাপূজার নিরাপত্তার পাশাপাশি সীমান্ত দিয়ে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক এবং অস্ত্র-গোলাবারুদ পাচারসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধেও সতর্ক অবস্থানে রয়েছে ১৯ বিজিবি। সীমান্ত এলাকায় নিয়মিত কার্যক্রমের পাশাপাশি পূজাকালীন সময়ে বিশেষ নজরদারিও অব্যাহত রাখা হয়েছে।


১৯ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ ও সীমান্ত এলাকায় নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।


বিবার্তা/জাহিদুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com