
পাবনায় নির্বাচনের আগেরদিন সেলফ লোডেড (এসএলআর) ও ৯ এমএম পিস্তলসহ পাঁচ আগ্নেয়াস্ত্র এবং বিপুল সংখ্যক গুলিসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জেলার ঈশ্বরদী উপজেলার তিনটি জায়াগায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান পুলিশ সুপার আনোয়ার জাহিদ।
গ্রেফতারকৃতরা হলেন- ঈশ্বরদীর পাকশী মেরিন পাড়ার কামালের ছেলে শাহিন (২০), উপজেলার দিয়ার বাঘইলের হযরত প্রামাণিক (৪৭) ও মানিকনগর এলাকার মমিনুর ইসলাম খোকন (৩৩)।
পুলিশ সুপার জানান, একটি পেশাদার অপরাধী চক্র বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে আগ্নেয়াস্ত্র বহন করছে বলে গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে ঈশ্বরদী উপজেলার পাকশী মেরিনপাড়া এলাকায় অভিযান চালিয়ে শাহিনকে গ্রেফতার করা হয়। এ সময় তার থেকে একটি সেলফ লোডেড (এসএলআর) রাইফেল, পয়েন্ট ২২ রাইফেল, একনালা বন্দুক, ৭ রাউন্ড গুলি ও কার্তুজ উদ্ধার করা হয়। পরে উপজেলার দিয়ার বাঘইল এলাকায় অভিযান চালিয়ে শাহিনের সহযোগী হযরত প্রামাণিককে গ্রেফতার করা হয়। একইদিনে অপর একটি অভিযানে ওই উপজেলার মানিকনগর থেকে মমিনুর ইসলাম খোকনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
এ সময় তার থেকে একটি ৯ এমএম ও একটি ৭.৬৫ এমএম লোডেড পিস্তল উদ্ধার করা হয়। এছাড়া ৪১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
বিবার্তা/পলাশ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]