
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় ‘আসল সত্য’ উদ্ঘাটন করে জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কর্মকর্তাদের কল্যাণ সংস্থা রাওয়া। একইসঙ্গে তাহসিফের শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার এবং সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন সংস্থাটির নেতারা।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘করবী’ ভবনে তাহসিফের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন রাওয়ার নেতারা। এ সময় তারা পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং এ ঘটনায় প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে খোঁজ নেন।
এদিন দুপুরে সেখান থেকে বেরিয়ে রাওয়ার যুগ্ম সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু নওরোজ খুরশিদ আলম সাংবাদিকদের বলেন, তাহসিফের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে তারা এসেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি এ ঘটনায় তাদের কোনো সহযোগিতা প্রয়োজন কি না, তা জানতে চেয়েছেন।
তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিমের সঙ্গে কথা বলার বিষয়টি জানিয়ে তিনি বলেন, এই অবস্থার মধ্যে পরিবারের অনেক কিছু করার থাকলেও হয়তো করতে পারে না। আমরা তার কাছে জিজ্ঞাসা করেছি কী কী করার আছে, আমরা কী ধরনের সাহায্য করতে পারি।
তিনি (তাহসিফের বাবা) আমাদের জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা এটার অনুসন্ধান করছে। মাঠপর্যায়ে প্রত্যক্ষদর্শী, সিসিটিভি ফুটেজ তারা অনুসন্ধান করছে।
তাহসিফের মৃত্যু অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের জন্য অত্যন্ত কষ্টকর উল্লেখ করে সাবেক এই সেনা কর্মকর্তা আবু নওরোজ খুরশিদ বলেন, আমরা আশা করি খুব তাড়াতাড়ি তারা আসল সত্য উদ্ঘাটন করবেন এবং ব্যবস্থা গ্রহণ করবেন।
তিনি বলেন, দেশবাসীর মতো ডিফেন্স কমিউনিটির সব সদস্য আশা করছে অতিসত্বর সত্য উদ্ঘাটন করে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
এ সময় রাওয়ার পক্ষ থেকে তাহসিফের শোকসন্তপ্ত পরিবারের পাশে থেকে সব ধরনের সহযোগিতা দেওয়ার কথাও জানান তিনি।
আরেক সাবেক সেনা কর্মকর্তা মেজর আল আমিন বলেন, এ ঘটনাকে আমরা ছেড়ে দেব না। আমরা দেখব, মনিটর করব কীভাবে এর বিচার হয় এবং এর ফ্যাক্ট উদ্ঘাটন হয়। আমরা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চাই এবং যারা ধরা পড়বে তাদের বিচার চাই।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]