পঞ্চগড়ের বোদায় আধুনিক ডাকবাংলো উদ্বোধন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১৮:৫০
পঞ্চগড়ের বোদায় আধুনিক ডাকবাংলো উদ্বোধন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

পঞ্চগড়ের বোদা উপজেলায় দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে উদ্বোধন করা হয়েছে আধুনিক দ্বিতল ডাকবাংলো। ইতিহাস-ঐতিহ্যের ধারক ও পর্যটনবান্ধব অবকাঠামো হিসেবে ১ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন এই স্থাপনা।


শনিবার (৩১ অক্টোবর) দুপুরে বোদা থানাপাড়া এলাকায় ফলক উন্মোচনের মধ্য দিয়ে ডাকবাংলোটির উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।উদ্বোধন শেষে উপস্থিত অতিথি ও স্থানীয়দের অংশগ্রহণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাচীন জনপদ পঞ্চগড়ের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য দর্শনার্থীদের সামনে তুলে ধরার লক্ষ্যে ২০১৯-২০২০ ও ২০২১-২০২২ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি সাধারণ) বরাদ্দের আওতায় প্রকল্পটি গ্রহণ করা হয়। জেলা পরিষদ পঞ্চগড়ের সার্বিক পরিকল্পনা ও তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।


২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক অনুমোদন পাওয়ার পর স্বচ্ছতা নিশ্চিত করতে ইজিপি টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে নির্মাণকাজ সম্পন্ন করা হয়। ১ কোটি ৪৯ লাখ ৬০ হাজার ২৮৬ টাকা ব্যয়ে নির্মিত এই দ্বিতল ডাকবাংলোর নির্মাণকাজ করেছে তেঁতুলিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান মো. বাবর আলী।


উদ্বোধনকালে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, পঞ্চগড়ের বুকে নির্মিত এই আধুনিক ডাকবাংলোটি শুধুমাত্র একটি সাধারণ স্থাপনা নয়; বরং এই অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্য পর্যটকদের কাছে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরার ক্ষেত্রে একটি মহতী ও যুগান্তকারী পদক্ষেপ। এটি জেলা তথা বোদা উপজেলার পর্যটন ও প্রশাসনিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে।


এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সুধীজন।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com