
সাভারের আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
জানা গেছে, তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন কয়েকটি কারখানার শ্রমিকরা। এ সময় শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে এক শিল্প পুলিশ সদস্য আহত হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া শ্রমিক অসন্তোষের মুখে আশুলিয়ার কাঠগড়া অঞ্চলসহ আশপাশের এলাকার অন্তত ১৩টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
শিল্প পুলিশ সূত্রে জানা যায়, সকালে নাঈম নীটওয়ারের শ্রমিকরা প্রথমে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন। পরে তারা কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে আশপাশের কয়েকটি কারখানায় ইটপাটকেল ছুড়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে শিল্প পুলিশের একজন সদস্য আহত হন।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া বলেন, এখন পর্যন্ত ১৩টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সময়ের সঙ্গে এ সংখ্যা আরও বাড়তে পারে।
তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]