বগুড়ায় নিজ ঘর থেকে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১৭:১৫
বগুড়ায় নিজ ঘর থেকে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার
বগুড়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

বগুড়ার শাজাহানপুরে নিজ ঘর থেকে টুলু মিয়া (৫০) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার আমরুল ইউনিয়নের ক্ষুদ্র ফুলকোট গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের স্বজনদের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টুলু মিয়ার স্ত্রী জীবিকার প্রয়োজনে প্রবাসে থাকেন। তার দুই মেয়ে জেমি ও জুথি আক্তার দুজনই বিবাহিত। তিনি বাড়িতে একাই বসবাস করতেন। তবে কয়েক দিন ধরে পেটের ব্যথায় অসুস্থ থাকায় ছোট মেয়ে জুথি আক্তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন।


শনিবার সকালে ঘুম থেকে উঠে বাবার ঘরে গেলে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন জুথি। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন। স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।


নিহতের ছোট মেয়ে জুথি আক্তারের দাবি, তার বাবা দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। এ কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। অসুস্থতার কারণে তার বাবা নিজেই ধারালো বটি দিয়ে গলায় আঘাত করেছেন।


এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, এটি আত্মহত্যা কি না, তা এখনও নিশ্চিত নয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com