
সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৫০ দশমিক ৯০ শতাংশ। এ বছর বোর্ডের অধীনে ১ হাজার ২০৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫—দুটিই কমেছে। ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সিলেট শিক্ষা বোর্ড কার্যালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন।
বোর্ডের প্রকাশিত ফলাফল পরিসংখ্যান অনুযায়ী, এ বছর এইচএসসি পরীক্ষায় মোট ৭২ হাজার ৯৫৫ জন পরীক্ষার্থী নিবন্ধিত ছিল। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৭১ হাজার ৮৯৩ জন। উত্তীর্ণ হয়েছে ৩৬ হাজার ৫৯৭ জন। পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ।
গত বছর ২০২৫ সালে সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৫১ দশমিক ৮৬ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৬০২ জন। সে হিসাবে এবার পাসের হার কমেছে দশমিক ৯৬ শতাংশ পয়েন্ট এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে ৩৯৮ জন।
পাসের হারে এগিয়ে মেয়েরা
এবারের ফলাফলে পাসের হার ও উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যায় ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। পরীক্ষায় অংশ নেওয়া ২৮ হাজার ৯৩৫ জন ছাত্রের মধ্যে পাস করেছে ১৪ হাজার ৯৬ জন। তাদের পাসের হার ৪৮ দশমিক ৭২ শতাংশ।
অন্যদিকে, ৪২ হাজার ৯৫৮ জন ছাত্রীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২২ হাজার ৫০১ জন। তাদের পাসের হার ৫২ দশমিক ৩৮ শতাংশ। পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা ৩ দশমিক ৬৬ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছে।
তবে জিপিএ-৫ অর্জনে ছেলেরা সামান্য এগিয়ে। এ বছর ৬১৩ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে। বিপরীতে জিপিএ-৫ পেয়েছে ৫৯১ জন ছাত্রী।
বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ পাসের হার
বিভাগভিত্তিক ফলাফলে ৬৮ দশমিক ৫৪ শতাংশ পাসের হার নিয়ে শীর্ষে রয়েছে বিজ্ঞান বিভাগ। এ বিভাগে ১৪ হাজার ৩৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯ হাজার ৮৩৮ জন।
মানবিক বিভাগে ৪৯ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২২ হাজার ৮৪৮ জন। এ বিভাগে পাসের হার ৪৬ দশমিক ২৯ শতাংশ।
অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগে ৮ হাজার ১৮১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ৯১১ জন। এ বিভাগে পাসের হার ৪৭ দশমিক ৮১ শতাংশ।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সিলেট শিক্ষা বোর্ডে এবার সামগ্রিক পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা গত বছরের তুলনায় কমেছে। তবে পাসের হারে মেয়েদের এগিয়ে থাকা এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ভালো ফলাফল এবারের পরীক্ষার উল্লেখযোগ্য দিক।
বিবার্তা/জাহিদুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]