
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, বিগত সময়ে সাতক্ষীরায় চরম জুলুম-নির্যাতন চালানো হয়েছে। আগামী নির্বাচনে বিপুল ভোটে সাতক্ষীরার চারটি আসন জামায়াতের আমীরের নেতৃত্বকে উপহার দেওয়ার আহ্বান জানান তিনি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সাতক্ষীরার শ্যামনগরের নকিপুর সরকারি পাইলট হাইস্কুল মাঠে জনসভায় এ কথা বলেন তিনি।
সাদিক কায়েম বলেন, জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে, যেখানে হিংসা, চাঁদাবাজি ও দুর্নীতির কোনো জায়গা থাকবে না। যাদের হাতে আমাদের দেশ নিরাপদ, সম্পদ নিরাপদ মা বোন নিরাপদ তাদেরকেই আমরা বেছে নেবো। আমরা দেখেছি একটি দল চাঁদাবাজি, রাহাজানিতে আমাদের জীবন দূর্বিসহ করেছে। জুলাই বিপ্লব পরবর্তীতে নতুন বাংলাদেশে মাত্র দেড় বছর যদি দেখি চাঁদাবাজি, টেন্ডার বাজি, কৃষকের টাকা আত্মসাৎ করাসহ নানা অপকর্মে জড়িত তারা। যাদের কাছে আমাদের সম্পদ নিরাপদ এমন ব্যক্তিকে আমরা নেতা বানাবো।
শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা,ডাকসু ভিপি সাদিক কায়েম। আরও বক্তব্য দেন খুলনা অঞ্চলের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দী, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুল, সেক্রেটারি আজিজুর রহমানসহ অন্যান্য নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, দেশের মানুষ আজ পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে। জনগণ শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার চায়।
তিনি বলেন, আগামী নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে দুর্নীতিবাজ, দখলদার ও চাঁদাবাজদের প্রত্যাখ্যান করবে।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার বাস্তবসম্মত ও বিজ্ঞানভিত্তিক। এতে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষি উন্নয়ন, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থার রূপরেখা তুলে ধরা হয়েছে। তিনি উপস্থিত জনতাকে ‘হ্যাঁ’ ভোট দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
বিবার্তা/সেলিম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]