
বিগত তিন নির্বাচনের মতো পুলিশ সদস্যরা আবার যদি ঘুসের টাকা স্পর্শ করে আল্লাহর আরশ কেঁপে উঠবে বলে মন্তব্য করেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনপিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্ত্বরে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বিএনপির অনেক নেতাকর্মীর চাঁদাবাজি থেকে মুক্তি চাই। নেতা চাঁদাবাজি করতে অর্ডার দেন; বাস্তবায়ন করতে হয় কর্মীদের। তৃণমূলের অনেক কর্মী আছে, তারা এসবের সঙ্গে সম্পৃক্ত না। গত ১৭ বছর যেসব বিএনপির নেতাকর্মী নির্যাতিন হয়েছে, নিপিড়ীত হয়েছে, গুম হয়েছে, তারা মার্জিনাইজ। হাইব্রিড বিএনপি এসে মূল বিএনপিদের কর্ণার করে দিয়েছে। আপনারা বিএনপি ভাইদের কাছে যাবেন, যারা জিয়ার দর্শনকে বিশ্বাস করে, খালেদা জিয়ার ধারণ করে, তারা চাঁদাবাজি সঙ্গে সম্পৃক্ত না। তারা ঐক্যবদ্ধ বাংলাদেশকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। তারা ধানের শীষের বিপরীতে গিয়ে দাঁড়িপাল্লা শাপলা কলিতে ভোট দেওয়ার অপেক্ষা করছে। আপনারা বিশ্বাস রাখেন, তারা ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, কিন্তু ভোটটা দিবে দাঁড়িপাল্লা শাপলা কলিতে।’
তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে দুপক্ষে বিভক্ত হয়েছে। একটি পক্ষ জুলুমের পক্ষে অবস্থান নিচ্ছে, একটি পক্ষ মা বোনদের হিজাব জামাকাপড় খুলে নিতে চাইছে। একটি পক্ষ আবার ভারতের দালালি ও গোলামি করতে প্রস্তুতি নিচ্ছে। আমরা মুক্তির দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছি। আমাদের নিরব বিপ্লব ঘটে গিয়েছে। আপনি প্রত্যেক মানুষের দ্বারে দ্বারে যান, প্রত্যেক মানুষের কাছে যান তারা বলছে আগামী ১২ তারিখে ভোট দাঁড়িপাল্লা শাপলা কলিতেই দেব। এদেশের কৃষক শ্রমজীবী মানুষেরা ভয়ে রয়েছে। নীরব চাঁদাবাজ, টেন্ডারবাজ, আবার যদি আসে তাহলে ব্যবসায় বিঘ্নিত হবে। চাঁদা দিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে হবে। সেই জন্য তারা চাঁদার থেকে পরিত্রাণ চাই। তাই আপনাদের ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে। প্রার্থীর কাছে ভোট নাই, ভোট হচ্ছে জনগণের কাছে।
পুলিশের প্রতি আহ্বান জানিয়ে হাসানাত বলেন, আপনি যে পোশাক পরিধান করে আছেন, সেটি আপনার যোগ্যতা, মেধায় অর্জন করেছেন। আপনাকে অনুরোধ করবো, আপনার বাসায় সন্তান রয়েছে। আপনার মা-বাবা রয়েছে। আপনি যদি বিগত তিনটি নির্বাচনের মত আবার যদি ঘুসের টাকা স্পর্শ করে দেখেন, আল্লাহর আরশ কেঁপে উঠবে। আপনি সিদ্ধান্ত নিবেন, আগামীর বাংলাদেশ, সন্তানের ভবিষত চাঁদাবাজদের হাতে তুলে দিবেন নাকি ইনসাফের বাংলাদেশে দেবেন।
পুলিশ ভাইয়েরা, আপনারা বিবেকের কাছে দায়বদ্ধ থাকুন। কোনো রাজনৈতিক দলের কাছে না। রাজনৈতিক দলের কাছে দায়বদ্ধ থাকলে কি পরিণতি হয়, সেটি গত জুলাইয়ে দেখেছেন। আল্লাহর কসম করে বলছি, আপনারা ন্যায় ও ইনসাফের পক্ষে থাকুন। আপনারা বাংলাদেশের জনগণের চাকরি করতে আসছেন। জনতার ট্যাক্সের টাকায় আপনার বেতন হয়।
কোনো রাজনৈতিক দলের টাকায় আপনার বেতন হয় না। আজকে যদি আপনি কোনো রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা দিয়ে ক্ষমতায় নিয়ে যান, আগামীকাল আপনার সন্তানের চাকরির জন্য তাদেরকেই ঘুস দিতে হবে। আমরা পুলিশের বন্ধু, আমাদের বাংলাদেশকে সুখী সমৃদ্ধ করে তুলতে আপনাদের অবদান রয়েছে। আমরা চাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে গড়বো।
যশোর জেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক মুহা. নুরুজ্জামানের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন যশোর-৩ (সদর) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আব্দুল কাদের। আরও বক্তব্য দেন এনসিপির দক্ষিণ অঞ্চলের সংগঠক শাকিব শাহরিয়ারসহ জামায়াতে ইসলামী ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
বক্তব্য শেষে নেতারা শহরে মিছিল বের করেন। নেতাকর্মীরা জানান, যশোরের কর্মসূচি শেষে বিকালে হাসনাত আবদুল্লাহ খুলনার কর্মসূচিতে যোগ দিবেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]