গৌরীপুরে যুবদলের ৩ নেতা বহিষ্কার
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১১
গৌরীপুরে যুবদলের ৩ নেতা বহিষ্কার
গৌরীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের ৩ নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।


শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় যুবদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত নেতারা হলেন— ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি হুমায়ুন কবির, সদস্য মোস্তাফিজুর রহমান হানিফ ও সদস্য জিয়াউর রহমান জিয়া।


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ও মাঠপর্যায়ে কাজ করার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।


কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের অনুমোদনে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।


দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।


এদিকে কেন্দ্রীয় যুবদলের সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত আদেশে আরও জানানো হয়, একই অভিযোগে ময়মনসিংহের গৌরীপুর ছাড়াও সাতক্ষীরার কালীগঞ্জ ও নোয়াখালীর হাতিয়া উপজেলার কয়েকজন নেতাকেও বহিষ্কার করা হয়েছে।


বিবার্তা/হুমায়ন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com