
লক্ষ্মীপুরের রামগতির দক্ষিণাঞ্চল মেঘনার উপকূলীয় এলাকায় নির্বাচনকালীন স্থায়ী সেনাক্যাম্প স্থাপন এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)৷
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন বেলাল এ দাবি করেন। তিনি অভিযোগ করেন বিএনপির প্রার্থী জলদস্যুদের একত্রিত করে সন্ত্রাসী বাহিনী গঠন করেছে।
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) থেকে জেএসডির প্রার্থী দলের দলটির সহসভাপতি তানিয়া রব।
দলের মুখপাত্র বেলায়েত হোসেন জানান, লক্ষ্মীপুর-৪ নির্বাচনী এলাকার চরাঞ্চলগুলোতে প্রায় লক্ষাধিক ভোটার রয়েছে। ওই অঞ্চল হাতিয়া ও বয়ারচরের জলদস্যু এবং স্থলদস্যু সমন্বয়ে অস্ত্রধারী চিহ্নিত বাহিনী রয়েছে। তারা ব্যালট পেপার ও ভোটের বাক্স লুটপাট করে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। তাই উপজেলার দক্ষিণাঞ্চল চর রমিজ, বড়খেরী ও চরগাজী ইউনিয়নের স্থায়ী সেনাক্যাম্প স্থাপন করে অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারীদের গ্রেপ্তার জরুরি হয়ে পড়েছে।
তিনি বিএনপির প্রার্থীর বিরুদ্ধে সস্ত্রাসী বাহিনী গঠনের অভিযোগ তুলে বলেন, আশরাফ উদ্দিন নিজান বয়ারচরের ডাকাতদের নিয়ে চরে বৈঠক করেছে। হাতিয়ার ডাকাতদের ভাড়া করেছে। চরের সকল দস্যুদের সে একত্রিত করেছে। বয়ারচরের চিহ্নিত ফরিদ ডাকাতকে সাথে নিয়ে প্রচারণা চালাচ্ছে। তারা অস্ত্র দেখায়, তাই ভোটাররা ভয়ে আছে। তারা ভোট কেন্দ্রে যেতে ভয় পাচ্ছে।
আমরা এসব বিষয়ে জেলা রির্টানিং অফিসারের কাছে লিখিতভাবে জানিয়েছি।
তিনি বলেন, গত ৮ জানুয়ারি রামদয়াল বাজারে আমাদের দলের নেতাকর্মীদের উপর গুলিবর্ষণ, পরিকল্পিত হামলা করেছে। অস্ত্রধারীরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া করেছে। সরকারের সকল সংস্থার ঘটনাটি অবগত। কিন্তু অস্ত্র উদ্ধার হচ্ছে না, পুলিশের লুট হওয়া অস্ত্রও উদ্ধার হয়নি। অস্ত্রধারীদের গ্রেপ্তার করা হচ্ছে না। তাই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অধ্যাপক মনছুরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নিয়াজুল ইসলাম প্রমুখ।
বিবার্তা/সুমন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]