
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের এলিভেটেড অংশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. তৌহিদ আহমেদ।
নিহতরা হলেন- নগরকান্দা পৌরসভার হাজরাহাটি এলাকার দুলাল মিয়ার ছেলে এজাজুল (২০) এবং একই উপজেলার জিয়াখুলি এলাকার শাহাদাত সরকারের ছেলে স্বাধীন (২০)।
আহতরা হলেন- নগরকান্দার জিয়াখুলি এলাকার রহমান মাতুব্বরের ছেলে নাসিম (২০) এবং ভারইডাঙ্গা এলাকার শওকাতের ছেলে রাজন (২১)। তারা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা আরও দুই যুবক আহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন ওসি তৌহিদ আহমেদ।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]