
পঞ্চগড়ের আটোয়ারীতে তরুণীকে ধর্ষণের পর হত্যার দায়ে রিফাত বিন সাজ্জাদ (২৪) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হুসেইন মোহাম্মদ ফজলুল বারী ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রিফাত বোদা উপজেলার মাঝগ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি ট্রেনে পঞ্চগড়ে যাওয়ার পথে দিনাজপুর রেলস্টেশনে ওই তরুণীর সঙ্গে পরিচয় হয় রিফাতের। পরে বিভিন্ন প্রলোভনে তাকে আটোয়ারীর কিসমত রেলগেট এলাকার একটি সুপারি বাগানে নিয়ে ধর্ষণ করে সে। বিষয়টি প্রকাশের আশঙ্কায় ইট ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তরুণীকে হত্যা করে। পরে মরদেহ রেললাইনের ওপর রেখে পালিয়ে যায়। পরদিন সকালে রেললাইন থেকে তরুণীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ২০২৫ সালের ৮ মার্চ আটোয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আরশাদুল হক বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। একই দিন ইজিবাইক চুরির অভিযোগে রিফাতকে আটক করার পর তার মোবাইল ফোনের তথ্যের সূত্র ধরে হত্যাকাণ্ডে সম্পৃক্ততার বিষয়টি জানতে পারে পুলিশ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খলিলুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় ১৯ জন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]