গাজীপুরের বাড়ি-ফ্ল্যাট মালিকদের সতর্ক ‘অতি জরুরি’ গণবিজ্ঞপ্তি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০০:২৭
গাজীপুরের বাড়ি-ফ্ল্যাট মালিকদের সতর্ক ‘অতি জরুরি’ গণবিজ্ঞপ্তি
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

গাজীপুরের কালিয়াকৈরে চলমান পোশাকশ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বহিরাগতদের অনুপ্রবেশ ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ঠেকাতে বাড়ি ও ফ্ল্যাটের মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারি করেছে উপজেলা প্রশাসন।


সোমবার (২ নভেম্বর) কালিয়াকৈর পৌরসভা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।


পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতি জরুরি’ বলে উল্লেখ করা হয়েছে।


গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বাড়ি বা ফ্ল্যাটের ভাড়াটেরা নিজ পরিবারের সদস্যদের বাইরে অন্য কোনো বহিরাগত ব্যক্তিকে আশ্রয় দিয়ে থাকলে অথবা কোনো অপরাধ চক্রের সদস্য বাসা ভাড়া নিয়ে অবস্থান করলে, তা দ্রুত কালিয়াকৈর থানা কিংবা উপজেলা প্রশাসনকে অবহিত করতে হবে। এ বিষয়ে বাড়ির মালিকদের কঠোরভাবে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও হুঁশিয়ারি দেওয়া হয়, কোনো তথ্য প্রশাসনকে না জানানো হলে এবং এর ফলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে, তার যাবতীয় দায়ভার সংশ্লিষ্ট বাড়ির মালিকদের ওপরই বর্তাবে।


এ বিষয়ে ইউএনও এ এইচ এম ফখরুল হোসাইন জানান, শ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে বহিরাগত কোনো গোষ্ঠী যেন প্রবেশ করে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।


প্রসঙ্গত, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাকসহ বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com