
রাজশাহী বিভাগের চারটি জেলায় আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ধারাবাহিক নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নির্বাচনের আগে শেষ দফার এ সফরে তিনি জোটভুক্ত প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থনা করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এর মধ্যে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বড় সমাবেশ, যা আয়োজকদের ভাষ্য অনুযায়ী নারী-পুরুষের সমন্বয়ে জামায়াতের প্রথম মহাসমাবেশ। জনসভাকে কেন্দ্র করে মাঠ প্রস্তুতি, মঞ্চ নির্মাণ ও সাজসজ্জার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সমাবেশস্থল ঘুরে দেখা যায়, মাঠের সামনের অংশ বাঁশের বেড়া ও ঘের দিয়ে নারী ও পুরুষের জন্য পৃথকভাবে নির্ধারণ করা হয়েছে। এছাড়া গণমাধ্যমকর্মীদের জন্য আলাদা মঞ্চ এবং জুলাইয়ের আন্দোলনে আহতদের জন্য সংরক্ষিত স্থান রাখা হয়েছে।
মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন সরকার বলেন, রাজশাহীর মাদ্রাসা মাঠে এবার বড় পরিসরে নারী-পুরুষের অংশগ্রহণে সমাবেশ আয়োজন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সমাবেশে ব্যাপক জনসমাগম হবে। জামায়াত আমির দেশগঠন ও নির্বাচন নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বলেও জানান তিনি।
নির্ধারিত সূচি অনুযায়ী, ডা. শফিকুর রহমান সকাল ১১টায় নওগাঁয় প্রথম জনসভায় অংশ নেবেন। এরপর দুপুর সাড়ে ১২টায় চাঁপাইনবাবগঞ্জ, দুপুর আড়াইটায় রাজশাহীর গোদাগাড়ী, বিকেল সাড়ে ৪টায় রাজশাহী মাদ্রাসা ময়দান এবং সন্ধ্যা সাড়ে ৬টায় নাটোরে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন।
রাজশাহী মাদ্রাসা ময়দানের সমাবেশটি আয়োজন করছে জামায়াত নেতৃত্বাধীন জোট। এতে জোটভুক্ত বিভিন্ন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের অংশ নেওয়ার কথা রয়েছে।
সমাবেশ উপলক্ষে মঙ্গলবার আয়োজকদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে জানানো হয়, সাধারণ মানুষের পাশাপাশি নারী কর্মীদেরও উল্লেখযোগ্য উপস্থিতি নিশ্চিত করতে কাজ করা হয়েছে। অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারি সমাজ উদ্দিন মণ্ডল, এনসিপির রাজশাহী মহানগরের সাবেক আহ্বায়ক মোবাশ্বের আলী, সাবেক সদস্য সচিব আতিকুর রহমান প্রমুখ।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]