এটাই আমার রাজনৈতিক যাত্রার সমাপ্তি: স্টারমার
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ২৩:৫৩
এটাই আমার রাজনৈতিক যাত্রার সমাপ্তি: স্টারমার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার হাউস অব কমন্সে শেষবারের মতো প্রাইম মিনিস্টার’স কোয়েশ্চেনস-এ অংশ নিয়ে আবেগঘন বক্তব্য দিয়েছেন। এ সময় তিনি বলেন, ‘এটাই আমার রাজনৈতিক যাত্রার সমাপ্তি।’


লেবার পার্টির এমপি ক্যারোলিন হ্যারিসের এক প্রশ্নের জবাবে স্টারমার তার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি হ্যারিসকে নিজের অন্যতম ঘনিষ্ঠ সমর্থক ও বন্ধু হিসেবে উল্লেখ করে তার এবং পরিবারের প্রতি সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।


স্টারমার বলেন, ‘প্রত্যেক প্রধানমন্ত্রীই জানেন, দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে একদিন সেই দায়িত্ব অন্যের হাতে তুলে দেওয়ার সময়ও আসবে। আমার জন্য সেই দিন এসে গেছে। এটাই আমার রাজনৈতিক যাত্রার শেষ।’


বিদায়ী ভাষণে স্টারমার বলেন, তিনি লেবার পার্টিকে ২০১৯ সালের ঐতিহাসিক পরাজয় থেকে ২০২৪ সালের ঐতিহাসিক বিজয়ে নিয়ে গিয়েছেন। পাশাপাশি দুই বছর সরকার পরিচালনার পর তিনি এমন একটি দেশ রেখে যাচ্ছেন, যা দায়িত্ব নেওয়ার সময়ের তুলনায় আরও ভালো অবস্থানে রয়েছে। তিনি বলেন, ‘আমরা যা অর্জন করেছি, তার সবকিছু নিয়েই আমি গর্বিত।’ এ সময় তিনি নিজের রাজনৈতিক দল, লেবার এমপিদের, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সহকর্মীদের ধন্যবাদ জানান।


স্টারমার বলেন, নতুন সরকারের প্রতি তিনি পূর্ণ সমর্থন জানাবেন। তিনি বলেন, ‘আমার উত্তরসূরি এবং এই কক্ষের প্রত্যেক সহকর্মীকে আমি আন্তরিক সমর্থন জানাব।’


ভাষণের শেষ মুহূর্তে স্টারমার দর্শক সারিতে উপস্থিত নিজের পরিবারকে উদ্দেশ করে বলেন, গ্যালারিতে উপস্থিত যাদের জীবন এই লেবার সরকারের কারণে বদলেছে বা উন্নত হয়েছে এবং দেশের যেসব মানুষ নিজেদের অবহেলিত মনে করেন—আপনারাই আমাকে রাজনীতিতে আসতে অনুপ্রাণিত করেছেন। আমার স্ত্রী ও সন্তানদের বলছি, আমি তোমাদের ভালোবাসি। বিদায়।’


সূচি অনুযায়ী, শুক্রবার (১৭ জুলাই) লেবার পার্টির নেতৃত্ব ছাড়বেন কিয়ার স্টারমার। এরপর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন অ্যান্ডি বার্নহ্যাম। আর আগামী সোমবার ১০ ডাউনিং স্ট্রিট ছেড়ে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন স্টারমার।


অধিবেশনে স্টারমার, বাদেনক এবং লিবারেল ডেমোক্র্যাট নেতা এড ডেভি সম্প্রতি নিহত সাবেক কনজারভেটিভ মন্ত্রী অ্যান উইডিকম্ব-এর প্রতিও শ্রদ্ধা জানান। এড ডেভি বিদায়ী প্রধানমন্ত্রীকে ‘একজন সত্যিকারের দেশপ্রেমিক’ আখ্যা দিয়ে তার জনসেবার প্রশংসা করেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com