
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের গুরুত্বপূর্ণ সিনেট নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জেমস টালারিকো। চলতি বছরের নির্বাচনে রিপাবলিকানদের জন্য এটিকে সবচেয়ে বড় অপ্রত্যাশিত পরাজয়গুলোর একটি বলে মনে করা হচ্ছে।
রিপাবলিকান প্রার্থী ক্যান প্যাক্সটনকে হারিয়ে টালারিকোর এই জয় ১৯৮৮ সালের পর প্রথমবারের মতো টেক্সাসে কোনো ডেমোক্র্যাটের যুক্তরাষ্ট্রের সিনেট আসনে জয়।
বুধবার (৪ নভেম্বর) টেক্সাসের রাজধানী অস্টিনে টালারিকোর সমর্থকেরা তার জয়ের খবর পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন। টালারিকোকে বিজয়ী ঘোষণার পর একে অপরকে জড়িয়ে ধরে, চুম্বন করে এবং আনন্দ উদ্যাপন করেন তারা।
বিবিসির রিপোর্ট অনুযায়ী, পেশায় সাবেক স্কুলশিক্ষক টালারিকো গত বছর পর্যন্ত খুব একটা পরিচিত মুখ ছিলেন না। নির্বাচনী প্রচারে রিপাবলিকান নেতৃত্বাধীন সরকারের অধীনে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়কে তিনি অন্যতম প্রধান ইস্যু হিসেবে তুলে ধরেন।
পারফর্মিং আর্টস থিয়েটারে আয়োজিত নির্বাচনী ফলাফল দেখার অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিপুল করতালির মধ্যে মঞ্চে ওঠেন টালারিকো। এ সময় তিনি বলেন, ‘আমরা টেক্সাসকে আবার নিজেদের নিয়ন্ত্রণে ফিরিয়ে এনেছি।’
তিনি আরও বলেন, ‘আমরা প্রমাণ করেছি, পৃথিবীর সব অর্থসম্পদও টেক্সাসের মানুষের শক্তির কাছে কিছুই নয়।’ বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের কথা উল্লেখ করে তিনি এ মন্তব্য করেন। প্যাক্সটনের নির্বাচনী প্রচারে মাস্কের সমর্থন ছিল।
নিজের নির্বাচনী প্রচারে প্রায়ই ধর্মীয় প্রসঙ্গ তুলে ধরেছেন টালারিকো। বক্তব্যে বাইবেলের ডেভিড ও গোলিয়াথের কাহিনির সঙ্গে নিজের কঠিন নির্বাচনী লড়াইয়ের তুলনাও টানেন তিনি।
টালারিকো বলেন, ‘এই জয় সেই প্রত্যেক টেক্সান মানুষের জন্য, যারা কখনো ভেবেছেন, তাঁদের কথা কেউ শুনছে কি না। আমি আপনাদের কথা শুনেছি, আমরা শুনেছি। আর আজ রাতে পুরো বিশ্ব আপনাদের কথা শুনছে।’
কয়েক দশক ধরে টেক্সাসে কোনো ডেমোক্র্যাটের অঙ্গরাজ্যব্যাপী নির্বাচনে জয় পাওয়া কার্যত অসম্ভব স্বপ্ন বলে মনে করতেন উদারপন্থী ভোটাররা।
নির্বাচন ঘিরে দুই প্রার্থীর প্রচারে ব্যয়ও রেকর্ড পর্যায়ে পৌঁছায়। পাঁচশ কোটি ডলারের বেশি ব্যয় হওয়ায় এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেট নির্বাচন হয়ে ওঠে।
রিপাবলিকান প্রার্থী প্যাক্সটনের প্রচারে সহায়তাকারী একটি সুপার পলিটিক্যাল অ্যাকশন কমিটিতে (সুপার পিএসি) ১৫ কোটি ৮০ লাখ ডলার দেন ধনকুবের ইলন মাস্ক। প্রচারে প্যাক্সটনের বিরুদ্ধে এই অর্থায়নের বিষয়টি তুলে ধরেন টালারিকো।
এ ছাড়া টেক্সাসের রাজনৈতিক অঙ্গনে প্রভাবশালী রিপাবলিকান বুশ পরিবারের দুজন সদস্য টালারিকোকে সমর্থন দেন। প্যাক্সটনের জন্য এটি বড় ধাক্কা হিসেবে দেখা হয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]