হরমুজ প্রণালিতে মাইনে আঘাত, তিন ট্যাংকার বিস্ফোরণের পর আগুন
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ২০:৩১
হরমুজ প্রণালিতে মাইনে আঘাত, তিন ট্যাংকার বিস্ফোরণের পর আগুন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথ ব্যবহার করে প্রবেশের পর সমুদ্রের মাইনে আঘাত লেগে তিনটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।


মঙ্গলবার (৩ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী জানায়, দিনের প্রথম প্রহর থেকেই এসব ঘটনা ঘটতে শুরু করে। বিস্ফোরণ ও পরবর্তী অগ্নিকাণ্ড এতটাই ভয়াবহ ছিল যে প্রণালির পূর্বাঞ্চলে থাকা জেলেরা রাতের আকাশকে উজ্জ্বল আলোয় আলোকিত হতে দেখেছেন।


বিবৃতিতে বলা হয়, ট্যাংকারগুলো নিজেদের নেভিগেশন ও পরিচয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে দিয়ে কৌশলগত এই জলপথ অতিক্রমের জন্য অননুমোদিত পথ ব্যবহার করার চেষ্টা করে। এ সময় সেগুলো সমুদ্রের মাইনে আঘাত করে। এতে বিস্ফোরণের পর ট্যাংকারগুলোতে আগুন ধরে যায় এবং হরমুজ প্রণালির দক্ষিণ উপকূলের কাছে সেগুলো জ্বলতে থাকে।


আইআরজিসি নৌবাহিনী জানায়, প্রণালিটি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের নির্ধারিত নিয়মকানুনের কথা বেতার বার্তা ও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে সব জাহাজকে বারবার জানানো হয়েছে। বিবৃতিতে সতর্ক করে বলা হয়, যারা এসব নিয়ম উপেক্ষা করে এবং অনুমোদনহীন পথ দিয়ে চলাচলের জন্য যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসী’ সামরিক বাহিনীর সঙ্গে সহযোগিতা করবে, তাদেরও একই ধরনের ঘটনার মুখোমুখি হতে হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com