
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে রাজধানীর মিরপুরে আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। এতে মিরপুর-১১ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে মিরপুর-১১ নম্বর এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন।
সকাল থেকে মিরপুর-১১ নম্বর এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এতে ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। শ্রমিকদের আন্দোলন আজ চতুর্থ দিনে গড়িয়েছে।
মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন বন্ধ রাখার বিষয়টি মঙ্গলবার সকালে এমআরটি পুলিশ কন্ট্রোল রুম থেকে নিশ্চিত করা হয়েছে। কন্ট্রোল রুম জানায়, সকাল থেকেই মিরপুর-১১ নম্বর সেকশনে পোশাক শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। যাত্রী ও স্টেশনের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে স্টেশনটির বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সিদ্ধান্তের ফলে মিরপুর-১১ নম্বর স্টেশনে কোনো ট্রেন থামছে না। যাত্রীদের ওঠানামাও বন্ধ রয়েছে। তবে মেট্রোরেলের অন্যান্য স্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে কন্ট্রোল রুম জানিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে মিরপুর-১১ স্টেশনে আবারও যাত্রীসেবা চালু করা হবে।
এর আগে গত ১ নভেম্বর শ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী—এই তিনটি মেট্রোরেল স্টেশনে যাত্রী ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। ওই দিন দুপুরের পর পর্যায়ক্রমে স্টেশনগুলো চালু করা হয়। সংঘর্ষের সময় মিরপুর-১১ নম্বর স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এতে স্টেশনের পানির সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়।
শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে মিরপুর, সাভার-আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে কয়েক দিন ধরে বিক্ষোভ চলছে। আন্দোলনের কারণে বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, সংঘর্ষ ও কারখানার উৎপাদন বন্ধের ঘটনা ঘটেছে। গত সোমবার সাভার-আশুলিয়া ও গাজীপুরের ৪১৪টি কারখানায় ছুটি ঘোষণা বা উৎপাদন বন্ধ রাখা হয়েছিল বলে পুলিশ সূত্রের বরাতে সংবাদমাধ্যমে জানানো হয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]