স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবক হত্যা, প্রধান আসামি গ্রেফতার
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ১৯:৫৩
স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবক হত্যা, প্রধান আসামি গ্রেফতার
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সিলেট নগরের কাষ্টঘর সুইপার কলোনী এলাকায় স্ত্রীর ছবি ও ভিডিও ধারণের প্রতিবাদ করায় হৃদয় হরিজন (৩৩) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি আমিন আহমদকে (৩৫) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।


সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় সিলেটের জৈন্তাপুর উপজেলার শুক্রবাড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


মঙ্গলবার (৩ নভেম্বর) এসআরবি-৯-এর সদর দপ্তর, সিলেট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


গ্রেফতার আমিন আহমদ সিলেটের এয়ারপোর্ট থানাধীন নালিয়া এলাকার বাসিন্দা। তিনি শহিদ আহমদের ছেলে এবং কোতোয়ালী মডেল থানায় দায়ের করা হত্যা মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি।


এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে কাষ্টঘর সুইপার কলোনী এলাকায় হৃদয় হরিজনের বাসার সামনে তার স্ত্রীর ছবি ও ভিডিও ধারণ করছিলেন আমিন আহমদ। এ সময় হৃদয় এর প্রতিবাদ জানিয়ে ছবি ও ভিডিও ধারণে নিষেধ করলে আমিন আহমদসহ অন্যরা ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ ও হুমকি দেন।


এরই ধারাবাহিকতায় রাত আনুমানিক ৮টার দিকে আসামিরা পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে হৃদয়কে কাষ্টঘর সুইপার কলোনীসংলগ্ন রাজু স্টোরের বিপরীত পাশের একটি ফাঁকা স্থানে ডেকে নিয়ে যান। সেখানে তাকে ছুরিকাঘাত করা হয়। এতে তার বাম পায়ের হাঁটুর ওপরের সামনের ও পেছনের অংশে গুরুতর জখম হয়।


হৃদয়ের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। ১২ অক্টোবর দায়ের করা মামলাটির নম্বর ১৯। এতে দণ্ডবিধি ১৮৬০-এর ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।


হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে এসআরবি-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে এসআরবি-৯-এর সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল জৈন্তাপুরের শুক্রবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি আমিন আহমদকে গ্রেফতার করে।


গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com