
বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক কারখানার শ্রমিকরা। এতে বন্ধ রয়েছে মহাসড়কে যান চলাচল।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মাহসড়ক অবরোধ করে শ্রমিকরা। এতে তৈরি হয়েছে যানজট। ভোগান্তিতে সাধারণ মানুষ। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এর আগে গাজীপুরের চন্দ্রায় ডিভাইন ও ইন্টার স্টপ কারাখানার শ্রমিকরা কাজে যোগ দিয়ে সড়ক অবরোধ করতে গেলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
এদিকে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা রক্ষায় গাজীপুরে বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো হয়েছে। ১০ প্লাটুন থেকে বাড়িয়ে আজ ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা ২১ থেকে বাড়িয়ে ২৫ জন করা হয়েছে।
মঙ্গলবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন এ তথ্য নিশ্চিত করেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান, সকাল ৮টার কিছু আগে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবরোধের চেষ্টা করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেন।
এদিকে, আশুলিয়ার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে রেখেছে শ্রমিকরা। নিরাপত্তা শঙ্কায় বেশিরভাগ কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, গত কয়েক দিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। এদিকে, আন্দোলনের কারণে বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]