তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন তথ্য নেই: জয়সোয়াল
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৮
তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন তথ্য নেই: জয়সোয়াল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কিনা, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।


মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তারেক রহমানের সফর এখনো নিশ্চিত হয়নি।


তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়সোয়াল বলেন, এ বিষয়ে জানানোর মতো তার কাছে নতুন কোনো তথ্য নেই।


এদিকে ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একাধিকবার অনুরোধ জানানো হয়েছে। তবে এ বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।


ঢাকায় বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সাম্প্রতিক বৈঠকেও তারেক রহমানের ভারত সফর এবং শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে কিনা, জানতে চাওয়া হয় জয়সোয়ালের কাছে।


জবাবে তিনি বলেন, বৈঠকটি মূলত সৌজন্য সাক্ষাৎ ছিল। সেখানে ভারত-বাংলাদেশ সম্পর্কের বিভিন্ন দিক, দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক এবং ভবিষ্যতে এই সম্পর্ক কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেসব বিষয়ে আলোচনা হয়েছে।


দুই বছর বন্ধ থাকার পর আগামী অক্টোবর থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল আবার শুরু হতে পারে- এমন প্রতিবেদন নিয়েও জয়সওয়ালের কাছে জানতে চাওয়া হয়। তিনি বলেন, এ বিষয়ে তার কাছে হালনাগাদ কোনো তথ্য নেই।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com