হাম ও উপসর্গে একদিনে প্রাণ গেল আরও ৬ শিশুর
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪
হাম ও উপসর্গে একদিনে প্রাণ গেল আরও ৬ শিশুর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

নিশ্চিত হাম রোগ ও এর উপর্গে দেশে হাজারের বেশি মানুষের প্রাণ গেলেও থামছে না মৃত্যুর সারি। হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৬ জন মারা গেছে।


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনাগুলো ঘটে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৯৩৬ জন। আর নিশ্চিত হামে মৃত্যু ১০০ জনের। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৬ জন। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘটেনি।


স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত এই পরিসংখ্যানে বয়সভিত্তিক তথ্য পাওয়া যায় না। রোগতত্ত্ববিদেরা বলছেন, হাম সব বয়সী মানুষের হতে পারে, তবে শিশুরাই এতে বেশি আক্রান্ত হয়। প্রাদুর্ভাবের সময় হামের উপসর্গ নিয়ে যত মৃত্যু হচ্ছে, তার সবই হামে মৃত্যু বলে বিবেচনা করা হয়।


স্বাস্থ্য অধিদপ্তরের আজকের প্রতিবেদন বলছে, সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ২৩৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ৯৫৯।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ৭৭। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২০ হাজার ২০১ রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে।


১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৫৩ হাজার ২৭৯ রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৪৭ হাজার ৩৮৬ জন।


স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা যায়নি। আর হামের উপসর্গে যে ছয়জন মারা গেছে, তাদের চারজন ঢাকা বিভাগের, একজন সিলেট ও একজন চট্টগ্রাম বিভাগের।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com