‘মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না’
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৫
‘মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর মোহাম্মদপুরকে অপরাধমুক্ত করতে এবার চিহ্নিত সব অপরাধের স্পটে একযোগে অভিযান চালাবে পুলিশের একাধিক বাহিনী। মাদক, ছিনতাই, কিশোর গ্যাং ও হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। একই সঙ্গে মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।


শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে মোহাম্মদপুর থানার নাগরিকদের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন ডিএমপি কমিশনার। সভায় র‍্যাব মহাপরিচালকও উপস্থিত ছিলেন।


র‍্যাব-পুলিশের যৌথ অভিযান চললেও এলাকায় মাদক, ছিনতাই, কিশোর গ্যাং ও হত্যাকাণ্ডের মতো অপরাধ পুরোপুরি বন্ধ হয়নি। এমন পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


সভায় মোহাম্মদপুরের বিভিন্ন এলাকার অপরাধ পরিস্থিতি ও সমস্যার কথা তুলে ধরেন স্থানীয় বাসিন্দারা। তারা বিভিন্ন অপরাধপ্রবণ স্পটে নিয়মিত অভিযান, পুলিশের টহল বাড়ানো এবং কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।


এ সময় র‍্যাব মহাপরিচালক বলেন, দেশের স্বার্থে সবাই অন্যায়ের প্রতিবাদ করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের পাশে থাকবে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান দিয়ে মাদক ও সন্ত্রাস নির্মূল সম্ভব নয়। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে।


তিনি বলেন, অপরাধ প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক প্রতিরোধও গড়ে তুলতে হবে। সমাজের সবাই ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিলে অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com