সংসদে সড়ক পরিবহনমন্ত্রী
মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল চিহ্নিত
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৯
মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল চিহ্নিত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

উত্তরা-মতিঝিল মেট্রোরেল রুটে ৭৩০টি ত্রুটিপূর্ণ বিয়ারিং প্যাডের মধ্যে ২৭টিকে 'ক্রিটিক্যাল' হিসেবে চিহ্নিত করেছে স্বাধীন সেফটি অডিট কমিটি। এসব বিয়ারিং প্যাড আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রতিস্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এ ছাড়াও রুটের ৪৬টি পিলারে বিভিন্ন মাত্রায় ক্র্যাক বা ফাটল শনাক্ত হয়েছে বলে জানান মন্ত্রী।


বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশনটি অনুষ্ঠিত হয়।


মন্ত্রী জানান, স্বাধীন সেফটি অডিট কমিটির প্রতিবেদনে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বিয়ারিং প্যাডে ত্রুটি শনাক্ত করা হয়েছে। তবে সবগুলো ত্রুটি গুরুতর নয়।


এর মধ্যে ১৪৭টি ত্রুটিকে 'মাইনর' হিসেবে চিহ্নিত করা হয়েছে। আরও ২৯৭টি বিয়ারিং প্যাডের ত্রুটি মূলত স্থাপনের সময়কার ওয়ার্কম্যানশিপ-সংক্রান্ত। আর ২৭টি বিয়ারিং প্যাডকে 'ক্রিটিক্যাল' হিসেবে চিহ্নিত করা হয়েছে।


তিনি বলেন, সেফটি অডিট কমিটির সুপারিশ দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য ডিএমটিসিএল গত ১৬ জুলাই 'সেফটি অডিট রিপোর্টের সুপারিশ বাস্তবায়ন কমিটি' গঠন করেছে। কমিটি ইতোমধ্যে অডিট কমিটির তাৎক্ষণিক সুপারিশ বাস্তবায়নে কাজ শুরু করেছে।


মন্ত্রী জানান, বিয়ারিং প্যাড স্থানচ্যুতির ঝুঁকি রয়েছে এমন ১০টি স্থানে স্টিল ব্র্যাকেট স্থাপন করা হয়েছে। পাশাপাশি ২৭টি বিয়ারিং প্যাডের সেটেলমেন্ট পরিমাপের জন্য 'সেটেলমেন্ট মার্কার' বসানো হয়েছে।


এদিকে মেট্রোরেল রুটের ৪৬টি পিলারে বিভিন্ন মাত্রায় ক্র্যাক বা ফাটল চিহ্নিত হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ৪৬টি পিলার শনাক্ত হওয়া ফাটলের ঝুঁকি নিরূপণ ও মেরামতের কৌশল নির্ধারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) স্ট্রাকচারাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগের প্রক্রিয়া চলছে।


এ ছাড়া স্থাপনার স্ট্রাকচারাল ক্র্যাক পরিমাপ ও পর্যবেক্ষণের জন্য ১০২টি স্থানে 'স্ট্রাকচারাল ক্র্যাক গেজ' বসানো হচ্ছে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে এসব গেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।


যাত্রীদের নিরাপত্তার বিষয়ে মন্ত্রী বলেন, মেট্রোরেলের সব স্টেশনের সাবস্টেশন-সংক্রান্ত কক্ষে ওয়াটারপ্রুফিংয়ের কাজ দ্রুত এগিয়ে চলছে। বিদ্যুৎ বিচ্ছিন্নতার মতো পরিস্থিতিতে যাত্রী উদ্ধার ও নিয়ন্ত্রণ কক্ষের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে বিশেষ জরুরি সেবার লাইভ টেস্টও সফলভাবে সম্পন্ন হয়েছে।


তেজগাঁও টোল প্লাজার চাপ কমাতে নতুন র‍্যাম্প, বাড়ছে ই-টোল ব্যবস্থা


এদিকে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলামের প্রশ্নের জবাবে সড়কমন্ত্রী বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও টোল প্লাজায় যানবাহনের অতিরিক্ত চাপ কমাতে সোনারগাঁও গোলচত্বর থেকে উত্তরমুখী নতুন একটি র‍্যাম্প নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি টোল আদায় দ্রুত করতে আরও বেশি লেনে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।


তিনি বলেন, বর্তমানে চালু থাকা কাওলা থেকে এফডিসি ক্রসিং পর্যন্ত অংশে ছয়টি টোল প্লাজা রয়েছে। এর মধ্যে বিমানবন্দর ও তেজগাঁও টোল প্লাজায় যানবাহনের আধিক্য দেখা যাচ্ছে। তেজগাঁওয়ে চাপ তুলনামূলকভাবে বেশি।


এর কারণ হিসেবে মন্ত্রী জানান, বর্তমানে তেজগাঁও টোল প্লাজা ব্যবহার করেই উত্তর দিকে বনানী, কুড়িল ও বিমানবন্দরের দিকে যাওয়া যায়। তবে এক্সপ্রেসওয়ের মূল নকশায় সোনারগাঁও গোলচত্বর থেকে র‍্যাম্পের মাধ্যমে উত্তর দিকে যাওয়ার সুযোগ রয়েছে। সেই র‍্যাম্পের নির্মাণকাজ চলছে।


র‍্যাম্পটি চালু হলে তেজগাঁও টোল প্লাজার ওপর চাপ উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করছে সরকার। একই সঙ্গে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সংযোগ স্থাপনের জন্য সম্ভাব্যতা সমীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।


টোল আদায়ের গতি বাড়াতে ইতোমধ্যে অন-বোর্ড ইউনিট (ওবিইউ) ব্যবহার করে ইটিসি ব্যবস্থা চালু করা হয়েছে। বিমানবন্দর, কুড়িল, বনানী-১ ও তেজগাঁও টোল প্লাজার মোট সাতটি লেনে এ ব্যবস্থা চালু রয়েছে। ৩০ আগস্ট পর্যন্ত এ ব্যবস্থায় ১ হাজার ৮৭৭টি গাড়ি নিবন্ধিত হয়েছে।


এ ছাড়া অনলাইনে টোল পরিশোধের সুবিধা দিতে আরএফআইডি-ভিত্তিক ইটিসি ব্যবস্থাও চালুর প্রক্রিয়ায় রয়েছে। বনানী-১ টোল প্লাজার একটি লেনে পরীক্ষামূলকভাবে এ ব্যবস্থা চালু করে ট্রায়াল চলছে।


মন্ত্রী বলেন, সোনারগাঁও গোলচত্বরের র‍্যাম্প চালু এবং আরএফআইডি-ভিত্তিক ইটিসি ব্যবস্থা বাস্তবায়ন হলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজাগুলোতে যানবাহনের চলাচল আরও স্বস্তিদায়ক হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com