জেনারেল ওসমানীর জন্ম-মৃত্যু রাষ্ট্রীয়ভাবে পালন করতে সংসদে নোটিশ
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:২২
জেনারেল ওসমানীর জন্ম-মৃত্যু রাষ্ট্রীয়ভাবে পালন করতে সংসদে নোটিশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর জন্মবার্ষিকী-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন করতে জাতীয় সংসদে নোটিশ দিয়েছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী।


মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মনিরুল হক ‌‘মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীর জন্মবার্ষিকী-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে উদযাপন ও জাতীয় পাঠ্যপুস্তকে তাঁর জীবনী-সংগ্রাম, সততা ও দেশপ্রেম অন্তর্ভুক্ত প্রসঙ্গে' শীর্ষক নোটিশটি দেন।


মনিরুল হক চৌধুরী বলেন, গভীর দুঃখ ও পরিতাপের সঙ্গে জানাতে চাই- দেশে তো বটেই আন্তর্জাতিকভাবে স্বীকৃত আমাদের মুক্তিযুদ্ধে সেনানায়ক মরহুম এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে চরম হতাশ হয়েছি, লজ্জা বোধ করেছি, ব্যস্ততার মাঝেও অনুষ্ঠানে হাজির হয়ে আয়োজনের দৈন্যদশা দেখে। প্রবীণ কিছু লোক যাদের বয়স ৭০/৮০ এর ঊর্ধ্বে, তারাই বক্তা এবং শ্রোতা।


তিনি বলেন, শুনেছি জাতীয় সংসদের সাবেক স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী বিনামূল্যে বঙ্গবীরের জন্ম ও মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান আয়োজনে হল বা স্থান বরাদ্দের সুযোগ সৃষ্টি করে গেছেন। তা না হলে হয়তো তাঁর অনুষ্ঠানের স্থানই পাওয়া যেত না।


ওসমানী স্মৃতি পরিষদ সাধ্যমতো চেষ্টা করেছে অনুষ্ঠানটি সমৃদ্ধ করতে কিন্তু তারা ব্যর্থ হয়েছেন, সফল হতে পারেনি।
সংসদ সদস্য মনিরুল হক বলেন, আমার মতে এর কারণ, জেনারেল ওসমানীর জন্ম-মৃত্যুবার্ষিকী পালন সরকারিভাবে স্বীকৃত নয় এবং এর আগে লক্ষ্য করিনি, জেনারেল ওসমানীর জন্ম-মৃত্যুবার্ষিকীতে সরকারিভাবে কোনো অনুষ্ঠান পালিত হয় না।


তার অন্যতম কারণ হলো স্কুল-কলেজের পাঠ্যপুস্তকে জেনারেল ওসমানী সম্পর্কে একটি লাইন আছে বলে মনে হয় না। জেনারেল ওসমানী আজ অবহেলার শিকার বলে আমি মনে করি। এ কারণে আমি লজ্জিত। সম্প্রতি, জাতীয় সংসদের মূল প্রবেশদ্বার এমএজি ওসমানী গেট নামকরণ করে তাঁর প্রতি এই জাতির ঋণ পরিশোধের চেষ্টা করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সরকার ইতিহাসে অনন্য উচ্চতায় স্থান করে নিবে ইনশাআল্লাহ।
তিনি বলেন, বাঙালি জাতীয়তাবাদের উন্মেষলগ্নে জেনারেল আতাউল গণি ওসমানীর ভূমিকা অত্যধিক গৌরবোজ্জ্বল। জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হওয়া, তার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ বাঙালি জাতির প্রেরণা সৃষ্টি করেছিলো। মহান মুক্তিযুদ্ধে তার অংশগ্রহণ আরেক ইতিহাস। অবসর জীবন দূরে ঠেলে সেই বয়সে তিনি মুক্তিবাহিনীর সেনানায়কের দায়িত্ব গ্রহণ করে যা ইতিহাসের নজিরবিহীন ঘটনা। স্বাধীনতার পর সরকারের মন্ত্রী থাকা সত্ত্বেও একদলীয় শাসনব্যবস্থা থেকে পদত্যাগ করেছিলেন। সেটিও জাতির জন্য আরেক নজির। সরকারের কাছে আবেদন জানাই যেমনি করে সংসদের মূল প্রবেশদ্বার ওসমানী গেট নামকরণ করা হয়েছে তেমনি করে জাতীয় পাঠ্যপুস্তকে তাঁর জীবন-সংগ্রামের ইতিহাস, গৌরবগাঁথা কীর্তি, সততা ও দেশপ্রেম অন্তর্ভুক্তির ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com