
প্রাথমিক স্তরে চালু হতে যাওয়া নতুন দুই বিষয়ে শিক্ষক নিয়োগে তিনটি পদ্ধতি নিয়ে চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে সোমবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
সংস্কৃতি ও খেলাধুলা, এই দুই বিষয়ে শিক্ষক নিয়োগের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এই মুহূর্তে আমাদের খুব বেশি দুশ্চিন্তা নেই। কারণ আমরা সংস্কৃতি ও খেলাধুলা আগামী কারিকুলামে অন্তর্ভুক্ত করছি।
এর একটি ইন্ট্রোডাক্টরি টেক্সটবুক আমরা চতুর্থ শ্রেণিতে দিয়েছি। সুতরাং এই ফোরের শিক্ষার্থীরা যখন ২০২৮ সালে ফাইভে যাবে, তখন তারা আসলে পূর্ণাঙ্গভাবে খেলাধুলা ও সংস্কৃতি শিক্ষা নেবে।
তখন খেলাধুলা ও সংস্কৃতির শিক্ষক লাগবে।
তিনি বলেন, আমাদের বর্তমানে যে ক্লাস শিক্ষকরা আছেন, বা আমরা যেটা বলি সহকারী শিক্ষক, তাদের প্রশিক্ষণ দেওয়া হবে এই বিষয়গুলো পড়ানোর জন্য।
এ বিষয়গুলোর টেক্সটবুক, টিচার গাইড, সবকিছু এখন তৈরি হচ্ছে। সুতরাং এটা হয়ে যাবে।
২০২৮ সালে বিষয় দুটি পূর্ণাঙ্গভাবে চালু হলে কীভাবে পড়ানো হবে, সে বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এটা নিয়ে দুটো আঙ্গিকে আমরা তিনভাবে কাজ করছি। একটা হলো সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আমরা কাজ করছি। তাদের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে যে এক্সপার্টরা আছেন, তারা আমাদের প্রাথমিক স্কুলগুলোর শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করবেন। সুতরাং একটা হলো তাদের ব্যক্তিবর্গই আমাদের প্রশিক্ষিত করবেন। তাদেরকেও কিছু টিচিং ট্রেনিং আমরা দেব আমাদের পিটিআইগুলোতে।
‘দ্বিতীয়ত, আমাদের শিক্ষকদের কিছু খেলাধুলাভিত্তিক বা সংস্কৃতিভিত্তিক প্রশিক্ষণ দেব, যাদের ইতোমধ্যে কিছু কোয়ালিফিকেশন আছে।’
‘তিন নম্বর, আমরা একটা প্রসেসে যেতে চেষ্টা করছি, আমরা টেম্পোরারি টিচার নিয়োগ করতে পারি কি না, ওই সাবজেক্টভিত্তিক, ওই স্কুলের অধীনে। এটা রাজস্ব খাতে না, সরকারি পর্যায়ে না; ওই স্কুল স্থানীয়ভাবে টেম্পোরারি টিচার নিয়োগ করতে পারে কি না।’
প্রতিমন্ত্রী বলেন, এই তিনটা পদ্ধতি নিয়ে আমরা কাজ করব। আমাদের হাতে এখনও দেড় বছরের কাছাকাছি সময় আছে। এর মধ্যে এগুলো ফাইনাল করে ২০২৮ সালে ওই সাবজেক্টগুলো চালু হয়ে যাবে। এগুলোর কোনো কিছু এখনও কনক্রিট হয়নি, এগুলো আলোচনার জায়গায় আছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]