দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বসতঘরে উল্টে পড়ল বাস, আহত ১০
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১৬:৩৪
দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বসতঘরে উল্টে পড়ল বাস, আহত ১০
বরিশাল প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস মহাসড়কের পাশের দুটি বসতঘরের ওপর উল্টে পড়ে। এতে দুই বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।


শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার সাউদের খালপাড় ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের সাউদের খালপাড় ব্রিজ এলাকায় গ্রীন লাইন পরিবহন ও বরিশাল এক্সপ্রেস পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বরিশাল এক্সপ্রেসের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দুটি বিদ্যুতের খুঁটি ভেঙে ফেলে। পরে বাসটি স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন ও রুবেল সরদারের বসতঘরের ওপর উল্টে পড়ে।


এ সময় ঘর দুটিতে থাকা বাসিন্দারা বিকট শব্দ শুনে দ্রুত বাইরে বেরিয়ে আসেন। ফলে বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে বাসের ধাক্কা ও চাপে বসতঘর দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনায় দুই বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হন।


দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গৌরনদী ফায়ার সার্ভিস, গৌরনদী মডেল থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা। পরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারকাজ পরিচালনা করে আহত যাত্রীদের উদ্ধার করা হয়। তাদের তাৎক্ষণিকভাবে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


এদিকে দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com