যশোরে মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ, ২ শ্রমিক আহত
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১৭:৪৬
যশোরে মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ, ২ শ্রমিক আহত
যশোর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

যশোর শহরের বেজপাড়া এলাকায় মাটি খোঁড়ার সময় বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন।


শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে বেজপাড়ার বেহারী কলোনির বাদলের বাড়ির পেছনে এ ঘটনা ঘটে।


আহত ব্যক্তিরা হলেন- সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার গণেশপুর গ্রামের কাশেম সরদারের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) এবং মোহাম্মদ গাজীর ছেলে আকবর (৫৫)।


পুলিশ ও ঘটনাস্থলে কর্মরত শ্রমিকেরা জানান, সকালে বাদলের বাড়ির পেছনে স্তূপ করে রাখা মাটি খোঁড়ার কাজ করছিলেন কয়েকজন শ্রমিক।


একপর্যায়ে কোদালের কোপ মাটির নিচে থাকা একটি বোমায় লাগলে সেটি বিস্ফোরিত হয়। এতে দুই শ্রমিক আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, আহত দুজনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


অপরজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে বিস্ফোরিত বোমার বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অনেক আগে কেউ বোমাগুলো মাটির নিচে পুঁতে রেখেছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


এদিকে, গত কয়েক দিনে যশোর শহর ও শহরতলির বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com