পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো কুয়াকাটার রাস উৎসব
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১৩:৪৮
পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো কুয়াকাটার রাস উৎসব
পটুয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

পটুয়াখালীর কুয়াকাটায় পূর্ণিমার জোয়ারে বঙ্গোপসাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসবের মূল ধর্মীয় আনুষ্ঠানিকতা।


মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো পুণ্যার্থী সমুদ্রস্নানে অংশ নেন। এ সময় প্রার্থনার মধ্য দিয়ে পরিবার-পরিজনের মঙ্গল এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন সনাতন ধর্মাবলম্বীরা।


অন্যদিকে, উৎসব ঘিরে প্রায় অর্ধলাখ দর্শনার্থী ও পর্যটকের সমাগমে মুখর হয়ে ওঠে সৈকতসংলগ্ন এলাকা।


ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কুয়াকাটা সমুদ্রসৈকতে বাড়তে থাকে পুণ্যার্থীদের ভিড়। উলুধ্বনি, শঙ্খধ্বনি ও ঢাকঢোলের শব্দে মুখর হয়ে ওঠে সৈকত। পূর্ণিমার জোয়ারে সাগরের নোনা জলে অবগাহন করেন পুণ্যার্থীরা। স্নান শেষে প্রার্থনায় অংশ নিয়ে আত্মশুদ্ধি, প্রিয়জনের মঙ্গল এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন তারা।


ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি রাস উৎসবকে ঘিরে বসে গ্রামীণ ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির মেলা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্যবসায়ীরা নানা ধরনের পণ্য, খেলনা, প্রসাধনী ও হস্তশিল্পের পসরা সাজিয়ে বসেন। পর্যটক ও দর্শনার্থীদের পদচারণায় জমে ওঠে মেলা। বাড়তি মানুষের সমাগমে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি হোটেল, মোটেল ও পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতেও বাড়ে কর্মচাঞ্চল্য।


স্থানীয় ব্যবসায়ীরা জানান, উৎসব উপলক্ষে এবার অনেক মানুষের সমাগম হয়েছে। অন্য সময়ের তুলনায় বিক্রিও বেড়েছে। এ ধরনের আয়োজন নিয়মিত হলে স্থানীয় ব্যবসায়ীরা আরও উপকৃত হবেন।


পটুয়াখালী পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি কাজল বরণ দাস বলেন, প্রায় দুইশ বছর ধরে কুয়াকাটায় রাস উৎসব পালিত হয়ে আসছে। প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী এখানে আসেন। সময়ের সঙ্গে এ উৎসব সর্বজনীন মিলনমেলায় পরিণত হয়েছে। ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছরই এ আয়োজন করা হয়।


উৎসবকে কেন্দ্র করে পুণ্যার্থী ও পর্যটকদের নিরাপত্তায় পুলিশ, এসআরবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।


মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, পুণ্যার্থী ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।


পূর্ণিমা তিথিতে শ্রীকৃষ্ণের স্মরণে প্রায় দুইশ বছর ধরে কুয়াকাটায় পালিত হয়ে আসছে রাসলীলা উৎসব। সোমবার অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় দুই দিনের এ আয়োজন। মঙ্গলবার ভোরে সমুদ্রস্নানের মধ্য দিয়ে শেষ হয় উৎসবের মূল ধর্মীয় আনুষ্ঠানিকতা। তবে ধর্মীয় আয়োজন শেষ হলেও দিনভর চলে মেলা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com