আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি
ঈশ্বরদীতে ৪ বাড়ি ও ৮ মোটরসাইকেলে অগ্নিসংযোগ
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ২৩:২২
ঈশ্বরদীতে ৪ বাড়ি ও ৮ মোটরসাইকেলে অগ্নিসংযোগ
পলাশ হোসেন, পাবনা
প্রিন্ট অঅ-অ+

পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তদের অতর্কিত হামলা ও ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় চারটি বাড়ি ও ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।


সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী মাজদিয়া রঙিলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।


গুলিবিদ্ধরা হলেন- ঈশ্বরদী পৌর শহরের পূর্ব টেংরি এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত, তছেরপাড়া এলাকার নবীর ছেলে মহিদুল, ঈদগাহ রোড এলাকার পিরুর ছেলে রিশাদ এবং শৈলপাড়া এলাকার বাবলুর ছেলে রবিউল।


স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


আহতদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সোমবার সন্ধ্যায় মাজদিয়া এলাকায় বিক্ষোভ মিছিল করছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন।


এদিকে স্থানীয় সূত্র জানায়, সাঁড়া মাজদিয়া এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এরই জেরে এ গোলাগুলির ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে হামলাকারীদের পরিচয় ও ঘটনার নেপথ্যের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আহতদের স্বজনদের বক্তব্য পাওয়া যায়নি।


এদিকে, ঘটনার পর রাত সাড়ে ৮টায় সাড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক, ছমির মেম্বার, নুরুল আলম ও নুর ইসলামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় বাড়িতে থাকা ৮টি মোটসাইকেলেও অগ্নিসংযোগ করা হয়। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নেভাতে যান। ততক্ষণে বাড়িগুলো পুড়ে ভস্মিভূত হয়।


ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান গোলাগুলির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com