রোহিঙ্গা তরুণদের অর্ধেক শিক্ষা ও কাজের বাইরে, সংকটে স্থানীয়দের জীবিকা
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৩
রোহিঙ্গা তরুণদের অর্ধেক শিক্ষা ও কাজের বাইরে, সংকটে স্থানীয়দের জীবিকা
বিশেষ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হওয়ায় আশ্রয়শিবিরের প্রায় অর্ধেক তরুণ-তরুণী শিক্ষা ও কর্মসংস্থানের বাইরে রয়েছেন। একই সংকটে উখিয়া ও টেকনাফের দুই-তৃতীয়াংশ স্থানীয় তরুণের জীবিকাও ক্ষতিগ্রস্ত হয়েছে।


ব্র্যাকের দুটি গবেষণায় দেখা গেছে, ৪৯ দশমিক ৭ শতাংশ রোহিঙ্গা তরুণ-তরুণী পড়াশোনা বা কোনো কাজের সঙ্গে যুক্ত নন। আর ৬৬ দশমিক ৭ শতাংশ স্থানীয় তরুণ জানিয়েছেন, রোহিঙ্গা সংকটে তাঁদের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে ব্র্যাক আয়োজিত ‘রোহিঙ্গা সংকটের এক দশক: করণীয় নিয়ে নতুন ভাবনা’ শীর্ষক নীতি সংলাপে গবেষণার এসব তথ্য তুলে ধরা হয়। ফলাফল উপস্থাপন করেন ব্র্যাকের পলিসি অ্যানালিস্ট তারিকুল ইসলাম।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইসেন এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক। স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ। অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান।


রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে বলে মন্তব্য করেন রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, রোহিঙ্গাদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিয়ে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে। বাংলাদেশের সীমিত সম্পদের ওপর চাপ কমাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন।


ইভো ফ্রেইসেন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, নীতিগত পরিবর্তন ও মানবিক সহায়তা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন। তাঁর মতে, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এখনো অনিশ্চিত। ফলে সংকট ক্রমেই দীর্ঘায়িত হচ্ছে।
ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক তিনটি অগ্রাধিকারের কথা তুলে ধরেন। সেগুলো হচ্ছে, নিয়মিত মানবিক সহায়তা, স্থানীয় সেবা ও জীবিকায় বিনিয়োগ এবং আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার করা।


আসিফ সালেহ বলেন, সুস্পষ্ট নীতিমালার মাধ্যমে রোহিঙ্গাদের দীর্ঘ অপেক্ষার সময় সামাল দিতে হবে। তাঁদের জীবিকা ও দক্ষতা উন্নয়নকে একীভূতকরণ নয়, বরং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের প্রস্তুতি হিসেবে দেখতে হবে।


মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রোহিঙ্গাদের শুধু সাহায্যপ্রার্থী হিসেবে দেখলে চলবে না। নিজেদের সংগঠিত করা এবং ভবিষ্যৎ নির্ধারণে মতামত দেওয়ার সুযোগ তাঁদের দিতে হবে।


অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের শরণার্থী সেলের প্রধান মোহাম্মদ নাজমুল আবেদীন, বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশনস অফিসার ও রোহিঙ্গা কর্মসূচির সমন্বয়ক সুহাইল কাসিম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের পরিচালক নির্ঝর অধিকারী, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাহমান নাসির উদ্দিন এবং কক্সবাজারের বেসরকারি সংস্থা মুক্তির প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার। প্যানেল আলোচনা সঞ্চালনা করেন ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক কে এ এম মোর্শেদ। ধন্যবাদ জানান ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি ও মানবিক সংকট ব্যবস্থাপনা কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক ড. মো. আকরামুল ইসলাম।


দুই গবেষণায় যা উঠে এসেছে
ব্র্যাক অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ পরিচালিত গবেষণা দুটি হলো ‘প্রত্যাশা ও বাস্তবতার দোলাচালে: রোহিঙ্গা তরুণদের চোখে জীবিকা, আশ্রয়শিবিরের জীবন ও প্রত্যাবাসনের আশা’ এবং ‘সংকটের ছায়ায় জীবনযাপন: উখিয়া ও টেকনাফের স্থানীয় তরুণদের চোখে জীবিকা, জেন্ডার সমতা ও সহাবস্থান’। ২০২৫ সালের মার্চ ও এপ্রিলে ১৫ থেকে ৩৫ বছর বয়সী ১ হাজার ১৫২ জন তরুণ-তরুণীর সাক্ষাৎকার নেওয়া হয়। তাঁদের মধ্যে ৫৭৬ জন রোহিঙ্গা এবং ৫৭৬ জন স্থানীয়।


গবেষণা অনুসারে, শিক্ষা ও কর্মসংস্থানের বাইরে রয়েছেন ৮৪ দশমিক ৫ শতাংশ রোহিঙ্গা তরুণী। তরুণদের ক্ষেত্রে এ হার ১৪ শতাংশ। পড়াশোনা করছেন ১৭ দশমিক ৯ শতাংশ। আর ৩৮ দশমিক ৪ শতাংশ এনজিওর স্বেচ্ছাসেবক, দিনমজুর বা ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত। তবে মাসে গড়ে কাজ পান মাত্র ১৫ দিন। প্রকল্প শেষ হলে তাঁদের আয়ও বন্ধ হয়ে যায়।
আয় ও প্রত্যাবাসনের আগ্রহের মধ্যেও সম্পর্ক রয়েছে। আয় করেন এমন রোহিঙ্গা তরুণদের ৭৯ দশমিক ৩ শতাংশ মিয়ানমারে ফিরতে চান। আয়হীনদের ক্ষেত্রে এ হার ৫৩ দশমিক ৪ শতাংশ। নির্দিষ্ট শর্ত পূরণ হলে ফিরতে চান ৭৬ দশমিক ৭ শতাংশ। নাগরিকত্ব ও সমান অধিকার নিশ্চিত হলে এ হার ৮২ দশমিক ৬ শতাংশ। তবে নিরাপত্তা ও কাজের সুযোগ ছাড়া শুধু নাগরিকত্ব দিলে ফিরতে চান ১৯ দশমিক ৪ শতাংশ। শিবিরে সহায়তা ও কাজের সুযোগ কমলেও ৫২ দশমিক ৬ শতাংশ সেখানে থাকতে চান। শিবির ও মিয়ানমারে নিরাপত্তাহীনতার কারণে ২৭ দশমিক ৮ শতাংশ অন্যত্র যেতে চান। বাংলাদেশে জন্ম নেওয়া রোহিঙ্গা তরুণদের ৬৭ দশমিক ৮ শতাংশ অন্যত্র যেতে চান; মিয়ানমারে ফিরতে চান মাত্র ১১ দশমিক ৯ শতাংশ।


রোহিঙ্গা সংকটে টেকনাফের ৭১ দশমিক ৬ শতাংশ এবং উখিয়ার ৬০ দশমিক ১ শতাংশ স্থানীয় তরুণের জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের ৮৫ দশমিক ৮ শতাংশের মতে, কাজ পাওয়া কঠিন হয়েছে; ৬৫ দশমিক ৯ শতাংশের মজুরি কমেছে এবং ৩৬ দশমিক ৪ শতাংশ কাজ হারিয়েছেন। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় স্থানীয়রা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে মনে করেন ৭২ দশমিক ২ শতাংশ। দুই জনগোষ্ঠীর সম্পর্ক ভালো নয় বলে জানিয়েছেন ৫৭ দশমিক ৩ শতাংশ। তবে জোরপূর্বক প্রত্যাবাসন সমর্থন করেন মাত্র ২৩ দশমিক ৪ শতাংশ। স্থানীয় তরুণদের ৯৫ দশমিক ৫ শতাংশ সরকারি-বেসরকারি সংস্থার চাকরি ও আশ্রয়শিবিরের কাজে স্থানীয়দের অগ্রাধিকার চান। তাঁরা দক্ষতা প্রশিক্ষণ এবং কৃষি, মৎস্য ও হস্তশিল্পে সহায়তাও চান। শর্ত পূরণ হলে রোহিঙ্গারা ফিরবেন বলে মনে করেন মাত্র ৩৯ দশমিক ৮ শতাংশ স্থানীয় তরুণ; এ বিষয়ে হতাশ ৭১ দশমিক ৭ শতাংশ। সহায়তা কমলে প্রত্যাবাসন হবে বলে মনে করেন ৯ দশমিক ২ শতাংশ, নিরাপত্তার অবনতি হলে ৫ শতাংশ।


অন্যদিকে, স্থানীয় তরুণীরা শিক্ষায় এগিয়ে থাকলেও কর্মসংস্থানে পিছিয়ে। তাঁদের ৫৩ দশমিক ৯ শতাংশের মাধ্যমিক বা তার বেশি শিক্ষা রয়েছে; তরুণদের ক্ষেত্রে এ হার ৪১ দশমিক ৪ শতাংশ। অথচ আয়মূলক কাজে যুক্ত তরুণীদের হার ২০ দশমিক ৮ শতাংশ, তরুণদের ৭০ দশমিক ২ শতাংশ। সামাজিক বিধিনিষেধ, পরিবারের অনুমতি, অনিরাপদ যাতায়াত, গৃহস্থালির কাজের অসম চাপ ও কম মজুরি তাঁদের কর্মসংস্থানে বাধা। পুরুষেরা নারীদের তুলনায় গড়ে ৪ দশমিক ৩ গুণ বেশি আয় করেন।


বিবার্তা/এএম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com