
দীর্ঘ পাঁচ দশকের অপেক্ষা, নদী পারাপারের দুর্ভোগ আর যোগাযোগ বিচ্ছিন্নতার অবসান হতে যাচ্ছে টাঙ্গাইলের পশ্চিমাঞ্চলের মানুষের। ধলেশ্বরী নদীর ওপর মাহমুদনগর, কাতুলী ইউনিয়নের এসডিএস ও হুগড়া ইউনিয়নের কাশিনগরে তিনটি সেতু নির্মাণের প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
তিন সেতু নির্মাণের উদ্যোগে পশ্চিম টাঙ্গাইলের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হওয়ার আশা করছেন স্থানীয়রা। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এটিকে বড় অগ্রগতি হিসেবে দেখছেন তারা।
টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর উদ্যোগে সেতু নির্মাণের প্রকল্প অনুমোদনের খবর ছড়িয়ে পড়ার পর সদর উপজেলাজুড়ে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে ১৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ’ প্রকল্পের মাধ্যমে দেশের ৪৮টি জেলায় ২৫৬টি সেতু নির্মাণ করা হবে। টাঙ্গাইল জেলার সাতটি সেতুর মধ্যে তিনটি সদর উপজেলায়।
অনুমোদিত সেতুগুলোর মধ্যে ধলেশ্বরী নদীর ওপর মাহমুদনগর সেতুর দৈর্ঘ্য ৬৫০ মিটার, কাতুলী ইউনিয়নের এসডিএস সেতু ৩২০ মিটার এবং হুগড়া ইউনিয়নের কাশিনগর সেতু ২৫০ মিটার।
টাঙ্গাইল শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার পশ্চিমে ধলেশ্বরী নদীবেষ্টিত মাহমুদনগর ইউনিয়নের প্রায় ২৪টি গ্রামের ৩০ হাজার মানুষ সেতুর অভাবে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয়দের দাবি, প্রায় ৫৫ বছর ধরে তারা সেতুটির অপেক্ষায় রয়েছেন। বর্ষায় ঝুঁকি নিয়ে খেয়া নৌকায় এবং শুকনো মৌসুমে বিস্তীর্ণ বালুচর পেরিয়ে নদী পার হতে হয় তাদের। এতে রোগী পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত ও কৃষিপণ্য বাজারজাতকরণে ভোগান্তি পোহাতে হয়।
মাহমুদনগর সেতু নির্মিত হলে টাঙ্গাইল সদর, নাগরপুর ও সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মধ্যে সরাসরি যোগাযোগ তৈরি হবে। পাশাপাশি প্রায় ৩০ কিলোমিটার পথ সাশ্রয় হবে বলে আশা করছেন স্থানীয়রা।
কাতুলী ইউনিয়নের এসডিএস এলাকায় ধলেশ্বরী নদীর ওপর সেতু নির্মিত হলে পশ্চিম টাঙ্গাইলের কয়েকটি ইউনিয়ন ও সিরাজগঞ্জের চৌহালী অঞ্চলের মানুষের যাতায়াত সহজ হবে। অন্যদিকে, হুগড়া ইউনিয়নের কাশিনগর সেতু নির্মিত হলে আশপাশের এলাকার শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীদের উপজেলা শহরে যাতায়াতের দুর্ভোগ কমবে। তিনটি সেতু বাস্তবায়িত হলে কৃষি, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয়রা।
চরাঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়ন ছিল টাঙ্গাইল-৫ আসনে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর অন্যতম নির্বাচনী অঙ্গীকার। নির্বাচনের আগে এক জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে মাহমুদনগর ও কাশিনগরে সেতু নির্মাণসহ টাঙ্গাইলবাসীর সাতটি উন্নয়ন দাবি তুলে ধরেছিলেন তিনি। তারেক রহমানও দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন।
এ ছাড়া প্রয়াত মাহমুদুল হাসানের রাজনৈতিক স্বপ্নের কথাও স্মরণ করেছিলেন টুকু। মাহমুদনগরে সেতু নির্মাণ ও যমুনা নদীর পাশে বেড়িবাঁধ স্থাপন ছিল তার অন্যতম প্রত্যাশা। দায়িত্ব পালনের সুযোগ পেলে এসব কাজ সম্পন্ন করাকে নিজের নৈতিক দায়িত্ব হিসেবে দেখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন টুকু।
টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন বলেন, একনেকে টাঙ্গাইলের সাতটি সেতু অনুমোদন পেয়েছে। এর মধ্যে তিনটি টাঙ্গাইল সদরে, সখীপুরে একটি, বাসাইলে দুটি এবং ধনবাড়ীতে একটি। সবচেয়ে বড় তিনটি সেতুই টাঙ্গাইল সদরে।
প্রকল্প অনুমোদনের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘টাঙ্গাইল সদরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে এটি একটি বড় অগ্রগতি। মাহমুদনগর, এসডিএস ও কাশিনগর এলাকার মানুষের দুর্ভোগ দীর্ঘদিনের। নির্বাচনের আগে তাদের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সেতুগুলো নির্মিত হলে পশ্চিম টাঙ্গাইলের মানুষের যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে। এলাকার মানুষের আস্থার মর্যাদা রক্ষায় উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখব।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]