শ্রমিক অসন্তোষ
গাজীপুরে উৎপাদন হচ্ছে না ১২২ কারখানায়, ৭৭টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ২২:২৮
গাজীপুরে উৎপাদন হচ্ছে না ১২২ কারখানায়, ৭৭টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ন্যুনতম মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিকদের বিক্ষোভ, কারখানা থেকে বেরিয়ে আসা এবং মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা গেছে।


শ্রমিক অসন্তোষের কারণে এদিন গাজীপুরে মোট ১২২টি কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে ৪৫টি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এসব কারখানার ২২টি শ্রীপুর উপজেলায়।


অন্যদিকে ৭৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।


সকাল সোয়া ৮টার দিকে বাঘের বাজার, মাওনা ও গড়গড়িয়া মাস্টারবাড়িসহ বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। মজুরি বাড়ানোর দাবিতে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বাইরে বেরিয়ে আসেন। পরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে কিছু সময়ের জন্য যান চলাচল স্বাভাবিক হয়।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাঘের বাজার এলাকার মণ্ডল ইন্টিমেন্টসের শ্রমিকেরা প্রথমে কারখানায় প্রবেশ করে হাজিরা দেন। এরপর সকাল সোয়া ৮টার দিকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তাঁরা বের হয়ে পাশের গোল্ডেন রিফিট গার্মেন্টসের সামনে জড়ো হন। পরে ওই কারখানার শ্রমিকেরাও তাঁদের সঙ্গে যোগ দেন। একপর্যায়ে শ্রমিকেরা মহাসড়কে নামার চেষ্টা করেন এবং আশপাশের কারখানা বন্ধের দাবি জানান।


পরিস্থিতি বিবেচনায় কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে সিলকেন সুইং, নতুন বাজার এলাকার এসরোটেক্স গার্মেন্টস লিমিটেড ও এস এম নীট ওয়্যার লিমিটেড, শ্রীপুর পৌরসভার আসপাডা এলাকার মেঘনা গ্রুপের সাবলাইন গ্রিন টেক্সটাইল, গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার চিটাগাং ডেনিম লিমিটেড ও মেঘনা গার্মেন্টস।


এছাড়া ক্রিস্টাল গার্মেন্টস, ডেমিমেক গার্মেন্টস, ডিভাইন গার্মেন্টস, হ্যামস গ্রুপের ঢাকা ফ্যাশন লিমিটেড, ভিক্টোরিয়া ইন্টিমেটস, আনসার রোড এলাকার পলমল গ্রুপের তাকওয়া ফ্যাশন, তাকওয়া পোশাক কালাকান, সাসটেইনেবল ওয়েট প্রসেসিং প্লান্ট এবং মেঘনা ডেনিম অ্যান্ড ইউনিগ্লোরি ওয়াশিং লিমিটেডসহ আরও কয়েকটি কারখানাতেও ছুটি ঘোষণা করা হয়।


এরপর বিক্ষুব্ধ শ্রমিকদের একটি অংশ গড়গড়িয়া মাস্টারবাড়ি থেকে শ্রীপুর ও মাওনা চৌরাস্তার দিকে চলে যায়। এতে ওই এলাকার সড়কেও কিছু সময়ের জন্য চাপ তৈরি হয়।
বেলা ১২টার দিকে সদর উপজেলার সালনা এলাকায়ও শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দিলে প্রায় ৩০ মিনিট পর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।


শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশির বলেন, গত তিন সপ্তাহ ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। রাজেন্দ্রপুরের বাংলাবাজার, হোতাপাড়া ও শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়িসহ বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে সড়ক অবরোধের ঘটনা ঘটছে।


গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকালে শ্রমিকেরা কারখানায় প্রবেশ করে হাজিরা দেওয়ার পর বের হয়ে যান। পরে শ্রীপুরের দিকে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


গাজীপুর কলকারখানা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক রবিউল ইসলাম বাঁধন জানান, বৃহস্পতিবার গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলায় ৪৫টি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে শ্রীপুরের ২২টি কারখানা রয়েছে। এ ছাড়া জেলার ৭৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।


শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ইসলাম ভূঞা বলেন, সাধারণ ছুটি ও অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা কারখানার সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য কলকারখানা অধিদপ্তরের কর্মকর্তারা দিতে পারবেন।


এদিকে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে শ্রীপুরের বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। মহাসড়ক ও আশপাশের এলাকায় দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অবস্থান নেন।


জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের কাশিমপুর কারাগারেও বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।


শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তায় বর্তমানে ১৫ প্লাটুন বিজিবি, পাঁচ প্লাটুন এসআরবি ও ১৪ প্লাটুন আনসার সদস্য মোতায়েন রয়েছেন। তাঁরা মহানগর, জেলা ও শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com