
পাবনার বেড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল ও থানা ঘেরাওয়ের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ধাওয়া দিলে আওয়ামী লীগের মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এর কিছুক্ষণ পর সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর বাড়িতে থাকা দুএকটি খড়ের পালায় আগুন দেওয়া হয়। এছাড়াও ভাঙচুরও চালানো হয় বলেও জানা গেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেড়া পৌর এলাকার বৃশালিখা এলাকায় এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৃশালিখা এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি নিয়ে তারা বেড়া থানা ঘেরাও করে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন। থানায় ভাঙচুরো চালানোর চেষ্টা করা হয়। খবর পেয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গিয়ে তাদের ধাওয়া করেন। একপর্যায়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
এরপর সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির পাশে ও বাড়িতে থাকা দুএকটি খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে কে বা কারা আগুন দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
বেড়া পৌর ছাত্রদলের সদস্যসচিব মানিক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ফ্যাসিবাদীদের কোনো সুযোগ দেওয়া যাবে না। তাদের যেখানে পাওয়া যাবে, সেখান থেকে ধরে পুলিশে সোপর্দ করতে হবে।’
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার বলেন, ‘আমরা বাইরে ছিলাম। এখানে পাড়ায় পাড়ায় ব্যাপক মারামারি হচ্ছে। খুবই ব্যস্ত আছি। থানা ঘেরাওয়ের এমন কোনো ঘটনা জানা নেই। তবে সাবেক ডেপুটি স্পিকারের বাড়ির পাশে খড়ের পালায় দুর্বৃত্তরা আগুন দিয়েছে।’ এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]