বিচারকের সন্তানকে হত্যার ঘটনায় যুবকের মৃত্যুদণ্ড
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১৮:৪৬
বিচারকের সন্তানকে হত্যার ঘটনায় যুবকের মৃত্যুদণ্ড
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমন হত্যা মামলায় একমাত্র আসামি লিমন মিয়াকে (৩৫) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় আরও তিনটি ধারায় পৃথক ১০ বছর করে ২০ বছর কারাদণ্ড এবং ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ-২ আদালতের বিচারক রেজাউল করিম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হওয়ার একদিন আগে এ রায় দিলেন আদালত।


‎দণ্ডপ্রাপ্ত লিমন মিয়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়া গ্রামের বাসিন্দা।


‎আদালত সূত্র জানায়, ২০২৫ সালের ১৩ নভেম্বর নগরীর ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় আসামি লিমনের হামলায় তার ছেলে নবম শ্রেণির শিক্ষার্থী তাওসিফ রহমান (সুমন) নিহত হয়। ছুরিকাঘাতে আহত হন বিচারকের স্ত্রীও। ঘটনার পর পুলিশ লিমন মিয়াকে আটক করে। আহত থাকায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


‎পরদিন ১৪ নভেম্বর রাজপাড়া থানায় বিচারক আবদুর রহমান নিজে বাদী হয়ে লিমন মিয়াকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন। গ্রেপ্তারের পর আসামিকে পাঁচদিনের রিমান্ডে নেয় পুলিশ। তদন্ত শেষে দেওয়া হয় অভিযোগপত্র। ‎বিচার চলাকালে বাদী ও তৎকালীন রাজশাহী মহানগর দায়রা জজ আবদুর রহমানসহ ২৮ জন সাক্ষ্য দেন। যুক্তিতর্ক শেষে আজ রায় ঘোষণা করা হয়।


‎মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর পিপি আলী আশরাফ মাসুম বলেন, রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আদালতের বিচারক পর্যবেক্ষণে বলেছেন, এ ঘটনা আইন ও বিচার বিভাগের ওপর হুমকি। এর আগে এ ধরনের হুমকির ঘটনা কোথাও ঘটেনি। ‎বিচারকের স্ত্রীর নিকট থেকে টাকা ধার নিয়ে ফেরত না দেওয়াকে কেন্দ্র এই হত্যাকাণ্ডও বলে জানান তিনি।


‎আসামিপক্ষের আইনজীবী মামুন অর রশিদ জানান, তারা রায়ের বিপক্ষে আপিল করবেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com