
বগুড়ার শেরপুরে বাসের জন্য অপেক্ষার সময় দ্রুতগতির পিকআপের ধাক্কায় সুমন (৪২) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন শেরপুর উপজেলার দুবলাগাড়ি চকপোতা এলাকার আব্দুল মজিদের ছেলে। তিনি দুপচাঁচিয়া শাখায় অগ্রণী ব্যাংকে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সুমন। পরে শেরপুর বাসস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকা-ন-২২-৩২১০ নম্বরের একটি দ্রুতগতির পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। পরে পিকআপটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা করতোয়া পরিবহনের আরেকটি গাড়িতে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় গুরুতর আহত সুমনকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাকির হোসেন জানান, দুর্ঘটনায় জড়িত পিকআপটি আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিবার্তা/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]