
২০২০ থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় ৪৫ হাজার ২৫২ জন প্রাণ হারিয়েছেন বলে রোড সেফটি ফাউন্ডেশনের (আরএসএফ) এক পরিসংখ্যানে উঠে এসেছে।
সংস্থাটির তথ্যমতে, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে দেশে ৩৮ হাজার ৩৫৭টি সড়ক দুর্ঘটনায় ৪০ হাজার ৬০৫ জনের প্রাণহানি এবং ৬৭ হাজার ৩৬৪ জন আহত হয়েছেন।
এছাড়া ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত আরও ৫ হাজার ৯৩টি দুর্ঘটনায় ৪ হাজার ৬৪৭ জনের মৃত্যু হয়েছে।
আরএসএফের নির্বাহী পরিচালক সাইদুর রহমান রাষ্ট্রীয় বলেন, পরিসংখ্যানে দেখা যাচ্ছে, সড়ক দুর্ঘটনায় প্রাণহানির মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে এবং একসঙ্গে ভ্রমণরত পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ঘটনাও আশঙ্কাজনকভাবে বাড়ছে।
তিনি জানান, আরএসএফের একটি পৃথক পরিবারভিত্তিক বিশ্লেষণে উঠে এসেছে , ২০২০ থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত গত ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০টি পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে।
বিশ্লেষণে দেখা গেছে, মোটরসাইকেল, অটোরিকশা, মাইক্রোবাস, প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স, বাস ও পিকআপ ভ্যান দুর্ঘটনায় একই পরিবারের একাধিক সদস্যের প্রাণহানির প্রবণতা বাড়ছে।
৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে রোড সেফটি ফাউন্ডেশন।
পরিবারভিত্তিক তথ্যে দেখা যায়, ১৯৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৩৮৬ জন নিহত এবং আরও ১৫৯টি দুর্ঘটনায় বাবা ও সন্তানসহ ৩১৮ জনের প্রাণহানি ঘটেছে।
এর মধ্যে অটোরিকশা দুর্ঘটনা ছিল সবচেয়ে ভয়াবহ। এ ধরনের ৫২৫টি দুর্ঘটনায় একই পরিবারের ১ হাজার ৭২৮ জন সদস্যের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২১১টি ঘটনায় পরিবারের দুজন, ১১৮টি ঘটনায় তিনজন, ৯২টি ঘটনায় চারজন, ৫৩টি ঘটনায় পাঁচজন, ৩৮টি ঘটনায় ছয়জন এবং ১৩টি ঘটনায় সাতজন করে সদস্য মারা গেছেন।
মাইক্রোবাস দুর্ঘটনায় ১৮৬টি ঘটনায় একই পরিবারের একাধিক সদস্যসহ মোট ৭০৮ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে চারটি দুর্ঘটনায় একই পরিবারের ১১ জন করে এবং অপর একটি দুর্ঘটনায় একই পরিবারের ১৪ জন সদস্য নিহত হয়েছেন।
প্রাইভেটকারের ১০৮টি দুর্ঘটনায় একই পরিবারের একাধিক সদস্যসহ ৩৫২ জন এবং ৪৫টি অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ১৬২ জনের প্রাণহানি হয়েছে। এ ছাড়া ৩২টি বাস দুর্ঘটনায় একই পরিবারের ৮৫ জন সদস্য প্রাণ হারিয়েছেন। অপর এক ঘটনায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে একই পরিবারের চার সদস্য মারা যান।
আরএসএফের বার্ষিক পরিসংখ্যানে দেখা গেছে, ২০২০ সালে ৪ হাজার ৭৩৫টি সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ৪৩১ জনের প্রাণহানি এবং ৭ হাজার ৩৭৯ জন আহত হয়েছেন। ২০২১ সালে দেশে ৫ হাজার ৩৭১টি দুর্ঘটনায় ৬ হাজার ২৮৪ জনের মৃত্যু এবং ৭ হাজার ৪৬৮ জন আহত হন। ২০২২ সালে দুর্ঘটনার সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৮২৯টিতে। এতে ৭ হাজার ৭১৩ জনের প্রাণহানি এবং ১২ হাজার ৬১৫ জন আহত হন।
২০২৩ সালে মোট ৬ হাজার ৯১১টি দুর্ঘটনায় ৬ হাজার ৫২৪ জন প্রাণ হারান এবং ১১ হাজার ৪০৭ জন আহত হন। পরের বছর ২০২৪ সালে ৬ হাজার ৯২৭টি দুর্ঘটনায় ৭ হাজার ২৯৪ জন নিহত এবং ১২ হাজার ১৯ জন আহত হন।
২০২৫ সালেও পরিস্থিতি উদ্বেগজনক ছিল। সে বছর ৭ হাজার ৫৮৪টি দুর্ঘটনায় ৭ হাজার ৩৫৯ জন নিহত এবং ১৬ হাজার ৪৭৬ জন আহত হন, যা ছয় বছরের এই পরিসংখ্যানে এক বছরে সর্বোচ্চ দুর্ঘটনা ও আহতের রেকর্ড।
২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, মে মাস ছিল সবচেয়ে প্রাণঘাতী। ওই মাসে ৬১৪টি দুর্ঘটনায় ৫৯৮ জন প্রাণ হারান। এ ছাড়া মার্চে ৫৭৬টি দুর্ঘটনায় ৫৩২ জন এবং জানুয়ারিতে ৫৫৯টি দুর্ঘটনায় ৪৮৭ জনের প্রাণহানি ঘটে।
সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতি ও বেপরোয়াভাবে গাড়ি চালানোকে চিহ্নিত করেছে ফাউন্ডেশন। অন্যান্য কারণের মধ্যে রয়েছে- ত্রুটিপূর্ণ যানবাহন, দুর্বল সড়ক অবকাঠামো, চালকদের দক্ষতা এবং শারীরিক ও মানসিক সুস্থতার অভাব, অনিয়ন্ত্রিত কর্মঘণ্টা, মহাসড়কে ধীরগতির যানবাহন চলাচল, বেপরোয়া মোটরসাইকেল চালানো, দুর্বল ট্র্যাফিক ব্যবস্থাপনা এবং ট্র্যাফিক আইন লঙ্ঘন।
এ ছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রাতিষ্ঠানিক সক্ষমতার ঘাটতি এবং গণপরিবহন খাতে চাঁদাবাজিকেও দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
সংস্থাটির পর্যবেক্ষণে বলা হয়, অনেক বাস ও পণ্যবাহী যানবাহনের চালক নির্দিষ্ট কর্মঘণ্টা ও পর্যাপ্ত বেতন ছাড়াই কাজ করেন। এতে তারা শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন, যা বেপরোয়াভাবে গাড়ি চালানোর ঝুঁকি বাড়িয়ে দেয়।
আরএসএফের সুপারিশগুলোর মধ্যে রয়েছে- চালকদের পেশাদার প্রশিক্ষণ বাড়ানো, কর্মঘণ্টা নির্ধারণ, বিআরটিএর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী ও পথচারীদের বিরুদ্ধে ট্র্যাফিক আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা।
পাশাপাশি ধীরগতির যানবাহনের জন্য সার্ভিস রোড নির্মাণ, পর্যায়ক্রমে মহাসড়কে রোড ডিভাইডার তৈরি, গণপরিবহনে চাঁদাবাজি বন্ধ করা, সড়কের ওপর চাপ কমাতে রেল ও নৌপথের সেবার মানোন্নয়ন এবং সড়ক পরিবহন আইন-২০১৮-এর কার্যকর বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ এবং পথচারীদের প্রাণহানি কমাতে প্রযুক্তিনির্ভর যানবাহন নজরদারি, জনসচেতনতামূলক প্রচারণা এবং সড়ক নিরাপত্তা শিক্ষার মানোন্নয়নের ওপরও জোর দিয়েছে সংস্থাটি।
পর্যবেক্ষণে আরএসএফ জানায়, অধিকাংশ দুর্ঘটনা ঘটেছে অতিরিক্ত গতিতে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণে। নিরাপদ সড়ক ব্যবহার সম্পর্কে মানুষকে সচেতন করতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি উদ্যোগে প্রচারণা চালানোর আহ্বান জানানো হয়েছে।
পরিবহন খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পরিবহন শ্রমিকদের পেশাগত সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কার অপরিহার্য বলেও উল্লেখ করেছে ফাউন্ডেশন।
দেশের সড়কে প্রাণহানি রোধে সরকার, পরিবহন কর্তৃপক্ষ, যানবাহন মালিক, চালক ও সাধারণ মানুষের সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে প্রতিবেদনে।
এদিকে কর্তৃপক্ষ এরই মধ্যে ২০২৭ সালের মধ্যে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের ঘোষণা দিয়েছে।
গত জুলাইয়ে বৈশ্বিক সড়ক নিরাপত্তা উন্নয়নের ওপর জাতিসংঘের উচ্চপর্যায়ের এক বৈঠকে বক্তব্য দেওয়ার সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও আহতের সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে আনার বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
প্রস্তাবিত সড়ক নিরাপত্তা আইন-২০২৬-এর খসড়ায় সড়ক দুর্ঘটনায় আহতদের জন্য বাধ্যতামূলক বিনামূল্যে জরুরি চিকিৎসা, বিপদগ্রস্ত অপরিচিত ব্যক্তিকে সহায়তাকারী ও পরোপকারী মানুষদের আইনি সুরক্ষা, ট্র্যাফিক আইন লঙ্ঘনের জন্য ডিমেরিট পয়েন্ট ব্যবস্থা এবং পুনরাবৃত্ত অপরাধীদের জন্য দ্বিগুণ শাস্তির প্রস্তাব করা হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ (আরটিএইচডি) প্রণীত এই প্রস্তাবিত আইনের লক্ষ্য হলো সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ঝুঁকিপূর্ণ সড়ক ব্যবহারকারীদের সুরক্ষা, যানবাহন ও সড়ক অবকাঠামোর নিরাপত্তা উন্নয়ন এবং দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে একটি সমন্বিত কাঠামো গড়ে তোলা।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]