এসএসসি-এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১২:১৮
এসএসসি-এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ১১ জন এবং এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ৯ জন শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা সামনে এসেছে।


বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত এবং সংকলিত তথ্যের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে আঁচল ফাউন্ডেশন।


এক সংবাদ বিজ্ঞপ্তিতে আঁচল ফাউন্ডেশন জানায়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর মাত্র দশ দিনের ব্যবধানে দেশের বিভিন্ন স্থানে ৯ শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা সামনে এসেছে।


প্রাথমিক সংবাদ প্রতিবেদন ও পরিবার-স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, এসব ঘটনার পেছনে পরীক্ষায় অকৃতকার্য হওয়া, প্রত্যাশিত ফল অর্জনে ব্যর্থতা, পারিবারিক প্রত্যাশা, সামাজিক চাপ এবং ফলাফলকেন্দ্রিক হতাশার মতো বিষয় উঠে এসেছে।


এসব ঘটনা দেশের শিক্ষাব্যবস্থায় পরীক্ষার ফলাফলকেন্দ্রিক অতিরিক্ত চাপ, ব্যর্থতা মেনে নেওয়ার মানসিক প্রস্তুতির অভাব এবং শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার সীমাবদ্ধতাকে নতুন করে সামনে এনেছে। এদের মধ্যে ৫ জন নারী এবং ৪ জন পুরুষ শিক্ষার্থী।


জেলাভিত্তিক হিসাবে খুলনা বিভাগের সাতক্ষীরা, মাগুরা, যশোর ও বাগেরহাট জেলায় মোট ৫টি ঘটনা পাওয়া গেছে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর, রংপুর বিভাগের ঠাকুরগাঁও, ঢাকা বিভাগের গাজীপুর এবং রাজশাহী বিভাগের বগুড়া জেলায় একটি করে ঘটনা নথিভুক্ত হয়েছে।


এর আগে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ফলাফলজনিত হতাশা ও মানসিক চাপের প্রেক্ষাপটে দেশের বিভিন্ন স্থানে ১১ জন শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা উদ্বেগজনকভাবে সামনে আসে। ফলাফলকে জীবনের সাফল্য-ব্যর্থতার একমাত্র মাপকাঠি হিসেবে বিবেচনা করার প্রবণতা শিক্ষার্থীদের মানসিক সংকটকে আরও গভীর করে তুলতে পারে।


আঁচল ফাউন্ডেশন মনে করে, পরীক্ষার ফল প্রকাশের সময় শিক্ষার্থীরা বিশেষ ধরনের মানসিক চাপের মধ্য দিয়ে যেতে পারে। এ সময়ে শুধু ফলাফল প্রকাশ ও পরবর্তী শিক্ষাব্যবস্থায় ভর্তির বিষয়টি গুরুত্ব পেলেই চলবে না; শিক্ষার্থীদের মানসিক অবস্থার প্রতিও সমান মনোযোগ দিতে হবে। বিশেষ করে যারা অকৃতকার্য হয়েছে বা প্রত্যাশিত ফল পায়নি, তাদের প্রতি পরিবার, শিক্ষক ও সহপাঠীদের সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে হতাশা, সামাজিক বিচ্ছিন্নতা, অতিরিক্ত অপরাধবোধ কিংবা আচরণগত পরিবর্তন দেখা দিলে তা অবহেলা না করে দ্রুত প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশের নিরাপদ পরিবেশ তৈরি করা এবং প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সহায়তা নিশ্চিত করা প্রয়োজন।


আঁচল ফাউন্ডেশনের সুপারিশ
শিক্ষার্থীদের আত্মহত্যা প্রতিরোধ এবং ফলাফল-পরবর্তী মানসিক সংকট মোকাবিলায় আঁচল ফাউন্ডেশনের পক্ষ থেকে নিম্নলিখিত সুপারিশ করা হয়েছে।
১) পরীক্ষার ফল প্রকাশের আগে ও পরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য সহায়তা ও পরামর্শসেবা নিশ্চিত করতে হবে।
২) অকৃতকার্য বা প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের প্রতি পরিবারকে সহানুভূতিশীল আচরণ করতে হবে। কোনো ধরনের অপমান, ভর্ৎসনা, তুলনা কিংবা অতিরিক্ত চাপ দেওয়া থেকে বিরত থাকতে হবে।
৩) পরীক্ষায় অকৃতকার্য হওয়াকে জীবনের ব্যর্থতা হিসেবে না দেখার বিষয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে।
৪) ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের মানসিক অবস্থা পর্যবেক্ষণের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সহায়তা কার্যক্রম চালু করতে হবে।
৫) শিক্ষার্থীদের জন্য সহজলভ্য, গোপনীয় ও বিনা মূল্যের মানসিক স্বাস্থ্য পরামর্শসেবা এবং জরুরি সহায়তা ব্যবস্থা সম্প্রসারণ করতে হবে।
৬) শিক্ষার্থীদের আবেগ নিয়ন্ত্রণ, হতাশা মোকাবিলা, সমস্যা সমাধান এবং সহায়তা চাওয়ার বিষয়ে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।
৭) শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার মধ্যে সমন্বিত উদ্যোগ গড়ে তুলতে হবে, যাতে ঝুঁকিতে থাকা শিক্ষার্থীরা দ্রুত সহায়তা পেতে পারে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com