
ইসলামে ধনী-গরিব, মালিক-শ্রমিক কিংবা কর্মকর্তা-কর্মচারীর মধ্যে মর্যাদার কোনো বৈষম্য নেই। মহানবী হজরত মুহাম্মদ (সা.) সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সদাচরণের শিক্ষা দিয়েছেন।
তার জীবনে শ্রমিক, খাদেম ও অধীনস্থদের প্রতি সহমর্মিতা, দায়িত্বশীলতা ও মানবিক আচরণের অসংখ্য দৃষ্টান্ত রয়েছে।
শ্রমিকদের তিনি অধীনস্থ হিসেবে নয়, বরং ভাই হিসেবে বিবেচনা করতে বলেছেন।
তাদের সামর্থ্যের বাইরে কাজের বোঝা চাপিয়ে দেওয়া, প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা কিংবা দুর্ব্যবহার করা ইসলামের শিক্ষার পরিপন্থী।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তারা (অধীনস্থরা) তোমাদের ভাই।
আল্লাহ তাদের তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। কাজেই আল্লাহ যার ভাইকে তার অধীনস্থ করে দিয়েছেন, তার (মালিক বা দায়িত্বশীল কর্মকর্তার) উচিত, তাকে তা-ই পরানো, যা সে নিজে পরবে। আর তাকে এমন কাজের ভার দেবে না, যা তার সাধ্যের বাইরে। তার ওপর অধিক কাজের দায়িত্ব চাপানো হলে যেন (দায়িত্বশীল ব্যক্তি) তাকে সাহায্য করে।’ (সুনানে তিরমিজি, হাদিস: ১৯৪৫) শ্রমিকের অধিকার রক্ষা, ভুল সংশোধনে সহনশীলতা, যথাযথ পারিশ্রমিক দেওয়া এবং তাদের প্রতি সম্মানজনক আচরণ-এসব বিষয়ে মহানবী (সা.)-এর শিক্ষা আজও সমান প্রাসঙ্গিক।
শ্রমিকের ভুলে ক্ষমা ও সহনশীলতা
কাজ করতে গিয়ে মানুষের ভুল হতেই পারে। তাই সামান্য ভুলের জন্য শ্রমিককে অপমান, শাস্তি কিংবা চাকরিচ্যুত না করে ধৈর্যের সঙ্গে তা সংশোধনের সুযোগ দেওয়া উচিত। ইসলামে অধীনস্থদের প্রতি ক্ষমাশীল ও সহনশীল হওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
আবদুল্লাহ ইবনে উমর (রা.) বর্ণনা করেন, এক ব্যক্তি রাসুলুল্লাহ (সা.)-এর কাছে এসে জানতে চাইলেন, তিনি তাঁর শ্রমিকের অপরাধ কতবার ক্ষমা করবেন। প্রথমবার প্রশ্নের জবাবে নবীজি (সা.) নীরব থাকেন। দ্বিতীয়বার একই প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘প্রতিদিন ৭০ বার।’ (সুনানে তিরমিজি, হাদিস: ১৯৪৯)
এই হাদিস থেকে শ্রমিকের প্রতি ক্ষমাশীলতা ও সহনশীলতার গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে। মালিক বা দায়িত্বশীল ব্যক্তির উচিত, ভুলের জন্য কঠোর না হয়ে উত্তম পন্থায় শ্রমিককে বুঝিয়ে দেওয়া।
শ্রমিকের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা
শ্রমিকের শ্রমের যথাযথ মূল্যায়নের পাশাপাশি তার প্রতি মানবিক আচরণ করাও মালিকের দায়িত্ব। শুধু নির্ধারিত পারিশ্রমিক দেওয়াই নয়, সুযোগ থাকলে খাবার ও অন্যান্য প্রয়োজনেও শ্রমিকের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা উচিত।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের কারও সামনে তার কর্মচারী খাবার পরিবেশন করলে কর্মচারীকে সঙ্গে বসাতে না পারলে এক লোকমা বা দুই লোকমা যেন তার হাতে তুলে দেয়। কেননা খাবার তৈরির কষ্টক্লেশ সেই সহ্য করেছে।’ (সহিহ বুখারি, হাদিস: ২৫৫৭)
এই নির্দেশনায় শ্রমিকের শ্রমের স্বীকৃতি এবং তার প্রতি সম্মান প্রদর্শনের শিক্ষা রয়েছে। কর্মক্ষেত্রে মালিক ও শ্রমিকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতেও এ শিক্ষা গুরুত্বপূর্ণ।
শ্রমিককে মিথ্যা অপবাদ দেওয়া নিষিদ্ধ
কর্মক্ষেত্রে কোনো কিছু হারিয়ে গেলে কিংবা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে অনেক সময় সন্দেহের বশে শ্রমিক-কর্মচারীদের দায়ী করা হয়। যথাযথ প্রমাণ ছাড়াই চুরি বা অনিয়মের অপবাদ দেওয়া হয়। অথচ ইসলামে নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করাকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে।
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে তার নির্দোষ গোলামের ওপর মিথ্যা অপবাদ দেবে, কেয়ামতের দিন তাকে বেত্রাঘাত করা হবে।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৫১৬৫)
এ হাদিসের শিক্ষা হলো, শ্রমিক বা কর্মচারীর বিরুদ্ধে কোনো অভিযোগ তোলার আগে সত্যতা যাচাই করতে হবে। সন্দেহের ভিত্তিতে কাউকে অপমান কিংবা অপবাদ দেওয়া থেকে বিরত থাকতে হবে।
শ্রমিকের পারিশ্রমিক পরিশোধে বিলম্ব নয়
শ্রমিকের অধিকারগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হলো যথাসময়ে পারিশ্রমিক পাওয়া। অথচ আমাদের সমাজে প্রায়ই বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের আন্দোলনে নামতে দেখা যায়। বিশেষ করে ঈদ সামনে রেখে পোশাকশ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস নিয়ে অসন্তোষের খবর আসে। শুধু পোশাকশিল্প নয়, বিভিন্ন প্রতিষ্ঠানেও কর্মীদের বেতন আটকে রাখা কিংবা মাসের পর মাস পরিশোধ না করার অভিযোগ রয়েছে।
একজন শ্রমিক তার শ্রম ও সময় ব্যয় করে প্রতিষ্ঠানের জন্য কাজ করেন। বিনিময়ে তাঁর প্রাপ্য পারিশ্রমিক বুঝিয়ে দেওয়া মালিকের দায়িত্ব। অযৌক্তিকভাবে বেতন আটকে রেখে শ্রমিক ও তাঁর পরিবারকে দুর্ভোগে ফেলা অন্যায়।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও।’ (ইবনে মাজাহ, হাদিস: ২৪৪৩)
এই হাদিসে শ্রমিকের মজুরি দ্রুত পরিশোধের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তাই নির্ধারিত সময়ে বেতন দেওয়া শুধু প্রাতিষ্ঠানিক দায়িত্ব নয়, এটি নৈতিক ও ধর্মীয় কর্তব্যও।
বেতন দিতে টালবাহানা করা জুলুম
শ্রমিকের প্রাপ্য মজুরি আটকে রাখা কিংবা পাওনা পরিশোধে অযথা টালবাহানা করা ইসলামে নিন্দনীয়। বিশেষ করে সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো মালিক বা প্রতিষ্ঠান কর্মীর বেতন পরিশোধে গড়িমসি করলে তা অন্যায় ও জুলুমের শামিল।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ধনী ব্যক্তির টালবাহানা অবিচার।’ (সহিহ বুখারি, হাদিস: ২২৮৭)
অর্থাৎ সামর্থ্যবান ব্যক্তির পাওনা পরিশোধে অযথা বিলম্ব করা গ্রহণযোগ্য নয়। কর্মীর ন্যায্য পাওনা সময়মতো বুঝিয়ে দেওয়া মালিকের দায়িত্ব।
ইসলামের এসব নির্দেশনা থেকে স্পষ্ট, শ্রমিকের মর্যাদা রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিত করা, ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা এবং মানবিক আচরণ করা প্রত্যেক মালিক ও নিয়োগকর্তার দায়িত্ব। শ্রমিকের ঘাম, শ্রম ও অবদানকে যথাযথ সম্মান জানানোই মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের অন্যতম শিক্ষা।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]