
১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনতে প্রায় ১৮১ কোটি টাকা ব্যয় করবে সরকার। এর মধ্যে চিনি কিনতে ব্যয় হবে ১০৩ কোটি ৯৫ লাখ টাকা এবং মসুর ডাল কিনতে ব্যয় হবে ৭৬ কোটি ৭৭ লাখ টাকা। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে স্থানীয় দুটি প্রতিষ্ঠান থেকে এসব পণ্য কেনা হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত দুটি প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, ১০ হাজার টন চিনি কেনা হবে। ৫০ কেজির বস্তায় এসব চিনি সরবরাহ করা হবে। এতে মোট ব্যয় হবে ১০৩ কোটি ৯৫ লাখ টাকা। ভ্যাট ও ট্যাক্সসহ প্রতি কেজি চিনির দাম পড়বে ১০৩ টাকা ৯৫ পয়সা।
দরপত্রে সর্বনিম্ন দরদাতা হিসেবে মেঘনা সুগার রিফাইনারি লিমিটেডকে (ফ্রেশ) চিনি সরবরাহের জন্য সুপারিশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ঠিকানা ঢাকার গুলশান-১-এর ফ্রেশ ভিলা।
অন্যদিকে, একই পরিমাণ অর্থাৎ ১০ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাবও অনুমোদনের জন্য সুপারিশ করেছে কমিটি। ৫০ কেজির বস্তায় এসব ডাল কেনা হবে। এতে মোট ব্যয় হবে ৭৬ কোটি ৭৭ লাখ টাকা। ভ্যাট ও ট্যাক্সসহ প্রতি কেজি মসুর ডালের দাম পড়বে ৭৬ টাকা ৭৭ পয়সা।
দরপত্রে সুপারিশ করা দরদাতা হিসেবে রয়েছে শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটির কার্যালয় ঢাকার কারওয়ান বাজারের টি কে ভবনে।
দুটি পণ্যই ই-জিপি ব্যবস্থায় স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে কেনার প্রস্তাব করা হয়েছে।
সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাব দুটি অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। এ দুটি ক্রয়ে সরকারের মোট ব্যয় হবে ১৮০ কোটি ৭২ লাখ টাকা।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]