
বগুড়া জেলার অবকাঠামো উন্নয়নে প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকার একটি প্রকল্প পাস হয়েছে। জেলার সাতটি নির্বাচনী এলাকায় ৩৫০ থেকে ৪০০ কোটি টাকার উন্নয়নকাজ করা সম্ভব হবে। আগামী তিন বছরের মধ্যে এসব এলাকার রাস্তাঘাট, সেতু ও কালভার্টসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন করা হব বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার (১২নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার একটি কনভেনশন সেন্টারে স্থানীয় দৈনিক ‘দৈনিক বগুড়া’র ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, চলতি মাসের শেষের দিকে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহের দিকে প্রধানমন্ত্রী বগুড়া সফরে আসতে পারেন। এ সময় করতোয়া নদী পুনঃখননকাজের উদ্বোধন এবং সিরাজগঞ্জ-বগুড়া রেললাইন সংযোগ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বগুড়া বিমানবন্দরে ড্রোন উৎপাদনকেন্দ্র স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ আরও কয়েকটি উন্নয়নমূলক কাজ উদ্বোধন বা ভিত্তিপ্রস্তর স্থাপনের চেষ্টা চলছে।
মীর শাহে আলম বলেন, গত সাত মাসে সবকিছু হয়ে যাবে, এমন প্রত্যাশা ঠিক নয়। বগুড়ার উন্নয়নে বেশ কিছু কাজ পাইপলাইনে রয়েছে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে এসব প্রকল্পের বাস্তবায়ন শুরু হলে উন্নয়ন বগুড়ার মানুষকে খুঁজতে হবে না, উন্নয়নই বগুড়ার মানুষকে খুঁজে নেবে।
তিনি আরও বলেন, চারমাথা থেকে নূরানীর মোড় ও হাড্ডিপট্টি হয়ে কামারগাড়ী মোড় পর্যন্ত ফ্লাইওভারের আদলে একটি সংযোগ সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। এটি শহীদ চান্দু স্টেডিয়াম পর্যন্ত সম্প্রসারণের বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন তিনি। প্রয়োজনে এ বিষয়ে আধা সরকারি পত্র (ডিও) দেওয়ার পাশাপাশি সড়ক ও মহাসড়ক বিভাগের সঙ্গে আলোচনা করবেন।
মন্ত্রী বলেন, বগুড়া ওয়াসা হলে সেখানে অনেকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষের বিল গতকাল সংসদীয় কমিটিতে সুপারিশ করা হয়েছে। রবিবার সংসদে বিলটি উত্থাপিত হয়ে পাস হলে সেখানেও অনেকের কাজের সুযোগ তৈরি হবে।
দৈনিক বগুড়ার প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পত্রিকার প্রকাশক ও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। অনুষ্ঠান পরিচালনা করেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বগুড়া পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু। উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান, বগুড়া সিটি করপোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, নওগাঁ বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী, বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, টিএমএসএস নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক লালু, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।
বিবার্তা/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]