
মুন্সীগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টা থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৭টা পর্যন্ত প্রায় ৮ ঘণ্টা ধরে ইউনিয়নের নোয়াদ্দা, রাজারচর, কংসপুরা, নয়াকান্দি ও নতুন আমঘাটা গ্রামে এই তাণ্ডব চলে।
গুলিবিদ্ধরা হলেন- দিদার ঢালী (৪৭), বোরহান শিকদার (৪৭), দিদার শিকদার (৪৫), রাকিব সর্দার (২৫), ইমরান হোসেন (৪৮)। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আওলাদ মোল্লা ও ফ্রান্সপ্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। ইউপি নির্বাচনে একক আধিপত্য ধরে রাখা নিয়ে দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বুধবার রাতে সেই বিরোধই রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
বৃহস্পতিবার ফজরের নামাজের আগে নয়াকান্দি ও নতুন আমঘাটা গ্রামে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। এরপর প্রতিপক্ষকে গ্রামছাড়া করার উদ্দেশে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এই সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের পিকআপ লক্ষ্য করেও বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয়। পুলিশ পৌঁছানোর পরও দুই পক্ষের লোকজন বিভিন্ন নিরাপদ স্থানে অবস্থান নিয়ে থেমে থেমে ককটেল বিস্ফোরণ ঘটাতে থাকে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তসলিমউদ্দিন বলেন, তারা একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত ছিল। পুলিশ তাদের ধাওয়া দিলে ধাওয়া থেকে বাঁচার লক্ষ্যে পুলিশের গাড়ি ও পুলিশের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যায়। এতে পুলিশ কিংবা গাড়ির কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
বিবার্তাা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]